আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে মেট্রোরেলে ভেতর প্রবীণদের জন্য সংরক্ষিত আসনে বসাকে কেন্দ্র করে বিরোধের জেরে মারধরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাবেক এক আইএএস কর্মকর্তা ও তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের এফআইআরের বরাতে প্রতিবেদনে জানানো হয়, আসন নিয়ে বিরোধের একপর্যায়ে পবন শর্মার সঙ্গে সঞ্জয় প্রতাপ সিং ও তার ছেলে সিদ্ধার্থ সিংয়ের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে চড় মারা ও ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান।
পরে মেট্রো কর্তৃপক্ষের কর্মীরা অ্যাম্বুলেন্সে করে তাকে লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্র জানায়, এ ঘটনায় এফআইআর দায়েরের পর সঞ্জয় প্রতাপ সিং ও তার ছেলে সিদ্ধার্থ সিংকে গ্রেফতার করা হয়।
সঞ্জয় প্রতাপ সিং সাবেক আইএএস কর্মকর্তা। এর আগে ঘুষের অভিযোগে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই তাকে গ্রেফতার করেছিল বলে পুলিশ সূত্র জানিয়েছে। তার ছেলে সিদ্ধার্থ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত।
কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৬,/দুপুর ১২:৪৩