শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

‘নারীদের সব সময়ই সমালোচনা করা হয়’, ক্যাটরিনা-কৃতির পাশে দাঁড়ালেন ম্রুণাল

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও কৃতি স্যাননকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রতিক সময়ে ব্যাপক ট্রলিংয়ের ঘটনা ঘটেছে। এবার তাদের পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। তার মতে, চলচ্চিত্রশিল্পে এই দুই অভিনেত্রীর অবদান উপেক্ষা করে তাদের ব্যক্তিগত পছন্দ নিয়ে মন্তব্য করা উচিত নয়।

নিজের নতুন সিনেমা ‘পূজা মেরি জান’-এর প্রচারে ব্যস্ত ম্রুণাল। সম্প্রতি নারীদের পোশাক ও বাহ্যিক সৌন্দর্য নিয়ে জনসমক্ষে সমালোচনার বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়। জবাবে অভিনেত্রী বলেন, প্রত্যেকেরই নিজের জীবন নিজের মতো করে উপভোগ করার অধিকার রয়েছে। অন্যের ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান করা উচিত।

সংবাদ সংস্থা পিটিআইকে ম্রুণাল বলেন, ‘এটা তাদের জীবন, তাদের পছন্দ। জীবনের প্রতিটি পর্যায় উপভোগ করার অধিকার সবারই আছে। আর আমরা কারা, এসব অসাধারণ নারীকে বিচার করার? আমরা কি ভুলে যাই, তারা কত ভালো কাজ করেছেন এবং চলচ্চিত্রশিল্প ও ব্যবসায় কতটা অবদান রেখেছেন?’

ক্যাটরিনা ও কৃতির প্রসঙ্গ টেনে ম্রুণাল আরও বলেন, এই দুই অভিনেত্রী শুধু ভারতেই নয়, যুক্তরাজ্যসহ বিভিন্ন জায়গায় নিজেদের ব্যবসা পরিচালনা করছেন। তাই অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের মন্তব্য করা উচিত নয় বলেও মনে করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাকারীদের উদ্দেশে অভিনেত্রীর মন্তব্য, ‘মানুষ পাগল, আর কী-ই বা বলার আছে!’

নারীদের বরাবরই নানা বিষয়ে বিচার-বিশ্লেষণের মুখোমুখি হতে হয় উল্লেখ করে ম্রুণাল বলেন, ‘নারীদের সব সময়ই বিচার ও সমালোচনা করা হয়। কখনই বা তাদের বিচার করা হয় না? তবে শুধু নারীরাই নন, পুরুষেরাও এখন একই ধরনের সমালোচনার শিকার হন।’

গত মাসে আম্বানিদের গণেশ চতুর্থী উদ্‌যাপনে উপস্থিত হয়ে অনলাইনে ব্যাপক ট্রলিংয়ের শিকার হন ক্যাটরিনা কাইফ। তার ছেলে ভিহানের জন্মের পর ওজন বেড়ে যাওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাকে নিয়ে কটাক্ষ করেন এবং শারীরিক গঠন নিয়ে বিদ্রূপ করেন।

সম্প্রতি লন্ডনে নিজের ব্র্যান্ডের একটি অনুষ্ঠানে এ বিষয়ে মুখ খোলেন ক্যাটরিনা। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া নেতিবাচক বয়ানকে নিজের ওপর এমনভাবে প্রভাব ফেলতে দিতে চান না, যাতে তা তাকে মানসিকভাবে স্থবির করে দেয়।

অন্যদিকে, রক্ষা বন্ধন উপলক্ষে একটি গয়নার ব্র্যান্ডের বিজ্ঞাপনে পোশাক নির্বাচনের কারণে সমালোচনার মুখে পড়েন কৃতি। বিতর্কের জেরে বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে নিজের অবস্থান পরিষ্কার করেন কৃতি। তিনি জানান, কারও অনুভূতিতে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না।

বর্তমানে ‘পূজা মেরি জান’ সিনেমায় অভিনয় করছেন ম্রুণাল ঠাকুর। ছবিটি ইতিমধ্যে জি৫ (ZEE5) প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। নাভজ্যোত গুলাটির পরিচালনায় নির্মিত ক্রাইম থ্রিলারধর্মী এই সিনেমায় পূজা নামের এক স্বাধীনচেতা তরুণীর চরিত্রে দেখা গেছে তাকে।

সূত্র: এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৬,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit