লাইফ ষ্টাইল ডেস্ক : প্রেমের শুরুটা সবসময়ই অন্যরকম এক ভালোলাগায় ঘেরা থাকে। মনের মানুষটির একটি মাত্র বার্তার জন্য অপেক্ষা, দেখা করার সেই তীব্র ব্যাকুলতা, রাতের পর রাত ঘণ্টার পর ঘণ্টা কথা বলে কাটিয়ে দেওয়া কিংবা ছোটখাটো বিষয়েও এক অদ্ভুত রোমাঞ্চ কাজ করা—এটাই শুরুর দিকের চেনা চিত্র।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মাস কিংবা বছর পেরোলেই সেই প্রথম দিকের তীব্র আবেগ অনেকের জীবনেই আর আগের মতো থাকে না। তখন মনে মনে অজান্তেই প্রশ্ন জাগে—প্রেম কি তবে ফুরিয়ে গেল, নাকি সময়ের সঙ্গে ভালোবাসার রূপ ও ধরনটাই বদলে গেল?
মনোবিজ্ঞানের ব্যাখ্যা বলছে, সম্পর্কের শুরুতে যে তীব্র আকর্ষণ থাকে, সময়ের সঙ্গে তার রূপ বদলানো স্বাভাবিক। নতুন মানুষকে জানার কৌতূহল আর অনিশ্চয়তা ধীরে ধীরে জায়গা করে নেয় পরিচিতি, বিশ্বাস ও নিরাপত্তাকে। ফলে শুরুর উত্তেজনা কমলেও ভালোবাসা কমে গেছে, এমনটা ধরে নেওয়ার কারণ নেই।
আমেরিকান মনোবিজ্ঞান সমিতির প্রকাশিত গবেষণাতেও দেখা গেছে, দীর্ঘদিনের সম্পর্কেও রোমান্টিক ভালোবাসা টিকে থাকতে পারে। অর্থাৎ সম্পর্ক পুরোনো হলেই ভালোবাসা শেষ হয়ে যাবে, এমন কোনো নিয়ম নেই।
তাহলে বিরক্তি আসে কেন?
সম্পর্কের শুরুতে প্রায় সবকিছুতেই থাকে নতুনত্ব। সঙ্গীর পছন্দ, অভ্যাস, কথা বলার ধরন, একসঙ্গে কাটানো সময়, সবই তখন নতুন। কিন্তু সময়ের সঙ্গে মানুষটি পরিচিত হয়ে ওঠেন। প্রতিদিনের একই রুটিনও একসময় একঘেয়ে লাগতে পারে। আমেরিকান মনোবিজ্ঞান সমিতির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্পর্কের একঘেয়েমি পরবর্তী সময়ে দাম্পত্য সন্তুষ্টির ওপর প্রভাব ফেলতে পারে। অর্থাৎ অনেক সময় সমস্যা ভালোবাসা কমে যাওয়ায় নয়, সম্পর্কের মধ্যে নতুন অভিজ্ঞতা ও উত্তেজনা কমে যাওয়ায়।
মনোবিজ্ঞানী আর্থার অ্যারনের গবেষণায় দেখা গেছে, সঙ্গীর সঙ্গে নতুন ও আনন্দদায়ক অভিজ্ঞতা ভাগ করে নেওয়া সম্পর্কের সন্তুষ্টি বাড়াতে পারে। তাই একই রুটিনে আটকে না থেকে দুজন মিলে নতুন কোথাও ঘুরতে যাওয়া, নতুন কিছু শেখা কিংবা একসঙ্গে নতুন কোনো কাজ শুরু করা সম্পর্ককে আবারও প্রাণবন্ত করে তুলতে পারে। তবে শুধু নতুন কিছু করলেই হবে না। খোলামেলা কথা বলা, সঙ্গীর কথা মন দিয়ে শোনা এবং ছোট ছোট যত্নও সম্পর্ক টিকিয়ে রাখার গুরুত্বপূর্ণ অংশ।
নিজের অনুভূতি প্রকাশের পাশাপাশি সঙ্গীর অনুভূতিকেও গুরুত্ব দিতে হয়। তাই প্রেমের বয়স বাড়লে সবসময় প্রেম কমে যায় না। অনেক সময় বদলে যায় প্রেমের প্রকাশ। শুরুর সেই অস্থিরতা হয়তো থাকে না, কিন্তু তার জায়গায় তৈরি হতে পারে গভীর টান, বিশ্বাস আর নির্ভরতা। আর সম্পর্কের যত্ন নেওয়া হলে পুরোনো প্রেমেও নতুন অনুভূতির জন্ম দেওয়া সম্ভব।
কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৬,/রাত ১০:২৮