ডেস্ক নিউজ : দেশে এমন একটি বিরোধী দল তৈরি হয়েছে, যাদের মূল লক্ষ্য প্রতিটি ক্ষেত্রে অরাজকতা ছড়ানো ও সমাজকে নষ্ট করা বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ ভবনে অবস্থিত এমপির পরিদর্শনকক্ষের সামনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
খোকন তালুকদার বলেন, বিরোধী দল ফুটপাতে বেশি দোকান বসলে যেমন প্রতিবাদ করে, তেমনি জনস্বার্থে ফুটপাত হকারমুক্ত ও পরিষ্কার করা হলেও এর বিরোধিতা করে প্রতিবাদ শুরু করে।
সভায় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, মাদারীপুর জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি বাবু প্রান্তোস মন্ডল, কালকিনি উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি শ্যামা প্রসাদ পাল ও সাধারণ সম্পাদক প্রমথ মন্ডল। এ ছাড়া বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২৬,/রাত ৯:৪৫