আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় রোকসানা বেগম (৪০) নামে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ ও ঘটনায় জড়িতদের বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
বুধবার রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের উত্তর কলতাসূতি মরিচকাটা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রোকসানা বেগম গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দক্ষিণ পাকুল্লা এলাকার দুবাইপ্রবাসী মকবুলের স্ত্রী। প্রায় দুই মাস আগে তিনি ওই এলাকার একটি নির্মাণাধীন পাঁচতলা ভবনের তৃতীয় তলায় বসবাস শুরু করেন।
নিহতের স্বজনরা জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির ছাদে পানির ট্যাংকি দেখতে যান রোকসানা। দীর্ঘ সময় পার হলেও তিনি নিচে ফিরে না আসায় স্বজনরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে ছাদের এক পাশে রোকসানাকে পড়ে থাকতে দেখেন তারা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়ণা তদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
নিহতের ভাই ইরাক জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে তার বোনের সঙ্গে ফোনে কথা হয়। এরপর রাত সাড়ে ৯টার দিকে রোকসানার মৃত্যুর খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুঁটে আসেন। পুলিশ জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যার কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৬,/বিকাল ৫:৩০