ডিওজের জাতীয় নিরাপত্তাবিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল জন এ. আইজেনবার্গ বলেন, ‘অভিযোগ অনুযায়ী, যুক্তরাষ্ট্র সরকারের একজন কর্মী বিদেশে গিয়ে তাঁর বিশেষায়িত দক্ষতা ব্যবহার করে হুথিদের সহায়তা করার চেষ্টা করেছেন।’
তিনি আরও বলেন, ‘এল্লাবুদি বিস্ফোরক উপকরণ এবং এসব বিস্ফোরক বহনে সক্ষম ড্রোন তৈরির জন্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করেছিলেন। অভিযোগগুলো এতটাই গুরুতর যে তা প্রায় কল্পনাকেও ছাড়িয়ে যায়।’
বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, আগামী ২ অক্টোবর সকাল ১১টায় রিচল্যান্ডে ফেডারেল ম্যাজিস্ট্রেট বিচারকের সামনে এল্লাবুদির প্রাথমিক শুনানি হওয়ার কথা রয়েছে।
ডিওজের অভিযোগপত্র অনুযায়ী, ২০২৫ সালে এল্লাবুদি সরকারি পাসপোর্ট ব্যবহার করে ওয়াশিংটন থেকে ওমানে যান। ওমানে পৌঁছানোর পর একই পাসপোর্ট ব্যবহার করে তিনি সীমান্ত পেরিয়ে ইয়েমেনে প্রবেশ করেন। তাঁর উদ্দেশ্য ছিল দেশটির রাজধানী সানায় যাওয়া।
মার্কিন কর্তৃপক্ষের অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত এল্লাবুদিকে আইন অনুযায়ী নির্দোষ হিসেবে বিবেচনা করা হবে।