ডেস্ক নিউজ : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে যেকোনো প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। তিনি বলেন, রাজউক এই সরকারেরই একটি অংশ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষও সরকারেরই অংশ। এনডিএ-র মাধ্যমে নারায়ণগঞ্জকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার পাশাপাশি এ অঞ্চলের জন্য বিশেষ পরিকল্পনা প্রণয়ন করে নগর উন্নয়নের কাজ করা হবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর খানপুরে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সেবা ও দুর্নীতির অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর রাজউকের সেবাব্যবস্থায় বেশ কিছু পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজউকের আওতাধীন এলাকা বড় হলেও সে তুলনায় পর্যাপ্ত জনবল ছিল না। স্থানীয় পর্যায়ে মানুষের সেবা সহজ করতে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে।
তিনি বলেন, ইতিমধ্যে আমাদের সরকার আসার পরে রাজউকের যে একটি বড় সীমানা ছিল, সেই তুলনায় এত জনবল ছিল না। যার জন্য নতুন করে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ করা হয়েছে। যেন স্থানীয়রা আরও বেশি সেবা পেতে পারেন। মানুষকে সেবা দিতে গেলে জনবল লাগবে।
রাজউকের সেবাব্যবস্থায় পরিবর্তনের কথা তুলে ধরে জাকারিয়া তাহের সুমন বলেন, এই সরকার আসার পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা বেশ কয়েকটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছি। রাজউকে আগে ফ্ল্যাট বিক্রি বা হস্তান্তর করতে মেইন ক্লিয়ারেন্স লাগত। এখন সেটি লাগে না। একবার যদি আপনার নামে মিউটেশন হয়ে যায়, তাহলে আর যেতে হবে না।
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে এনডিএ-র আইন পাস হয়েছে এবং কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। তিনি বলেন, এনডিএ যে কর্তৃপক্ষ তৈরি হলো, এটি গণপূর্ত থেকেই হলো এবং এটি নারায়ণগঞ্জবাসীর জন্যই করা হয়েছে। যেন নারায়ণগঞ্জবাসী আরও বেশি সেবা পায়। একই সঙ্গে যেন একটি পরিকল্পিত নগর তৈরি করতে পারি।
রাজউকের মাস্টারপ্ল্যানের পাশাপাশি নারায়ণগঞ্জের জন্য এনডিএ আলাদা বিশেষ পরিকল্পনা প্রণয়ন করবে জানিয়ে মন্ত্রী বলেন, সেই পরিকল্পনার ভিত্তিতে নগর উন্নয়নের কার্যক্রম পরিচালিত হবে। এনডিএর সীমানা সম্প্রসারণের বিষয়েও যাচাই-বাছাই চলছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, কর্তৃপক্ষের একটি সীমানা ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে। সেটি আরও বাড়ানোর সুযোগ রয়েছে কি না, তা দেখা হচ্ছে। ফতুল্লা ও সোনারগাঁসহ আশপাশের এলাকাগুলোও এ ক্ষেত্রে যাচাই-বাছাই করা হচ্ছে।
তিনি বলেন, সরকার এসব কিছু চিন্তাভাবনা করেই করেছে। এই সিদ্ধান্ত গত সরকারের আমলে হয়েছে। যেকোনো প্রকল্প হতে সময় লাগে। এটি গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সিদ্ধান্ত হয়েছিল। এনডিএ চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে, দেখছি কী করা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব ও জেলা প্রশাসক মো. রায়হান কবির প্রমুখ।
কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:১৮