লাইফ স্টাইল ডেস্ক : সারাদিন ক্লান্তি, অবসাদ আর ঝিমুনি ভাব? কাজের সময় সতেজ থাকতে বারাবর কফি খেতে হচ্ছে? ভারতীয় পুষ্টিবিদ পুজা মালহোত্রা জানিয়েছেন, এক চামচ কালো তিল আপনার শরীরে শক্তি বৃদ্ধি করতে সহায়ক। প্রতিদিনের খাদ্যতালিকায় এটি কীভাবে যুক্ত করা যায় এবং কারা এটি খাবেন, কারা এড়িয়ে চলবেন সে বিষয়েও পরামর্শ দিয়েছেন মালহোত্রা।
আমরা অনেকেই দিনের শুরু করি কফি দিয়ে। স্বতঃস্ফুর্তভাবে কাজ করতে এটি আমাদের শক্তির যোগান দেয়। তবে শরীরে প্রয়োজনীয় উপাদানের ঘাটতি হলে সেই ঘাটতি ক্যাফেইন দিয়ে পূরণ করা সম্ভব নয়।এটি আমাদের ঘুম ঘুম ভাব দূর করতে পারে কিন্তু প্রকৃত অর্থে শক্তি যোগায় না।
শরীরের কোষে শক্তি উৎপাদনের জন্য প্রয়োজন আয়রন, কপার, ম্যাগনেশিয়াম ও বি ভিটামিনের মতো পুষ্টি উপাদান। কালো তিলে আয়রনের পাশাপাশি কপারও থাকে। আয়রনকে সঠিকভাবে কাজে লাগাতে কপারের প্রয়োজন। এছাড়া এতে থাকা ভিটামিন বি ১,৩,৬ ও ম্যাগনেশিয়াম পেশি ও স্নায়ুর স্বাভাবিক কার্যক্রমে ভূমিকা রাখে।
গবেষণায় কী বলা হয়েছে?
কিছু গবেষণায় কালো তিলের সম্ভাব্য স্বাস্থ্য উপকারের কথা উঠে এসেছে। একটি গবেষণায় কালো তিল খাওয়ার সঙ্গে শরীরে অক্সিডেটিভ স্ট্রেসের কিছু সূচক কমার সম্পর্ক পাওয়া গেছে। আরেকটি গবেষণায় নিয়মিত কালো তিলের গুঁড়া খাওয়ার পর রক্তচাপ ও রক্তনালির কার্যকারিতায় উন্নতি দেখা গেছে। কালো তিলে থাকা সেসামিন ও সেসোমোলিনের মতো উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করতে পারে।
কীভাবে খাবেন?
ডাক্তার পুজা মালহোত্রার মতে, কালো তিল হালকা ভেজে খাওয়া ভালো। কেননা কাঁচা তিলের কিছু উপাদান শরীরে খনিজ শোষণে বাধা দিতে পারে। তাই অল্প আঁচে ২-৩ মিনিট ভেজে এরপর গুড়ো করে খাওয়া যেতে পারে। পুজা মালহোত্রা প্রতিদিন এক টেবিল চামচ বা ১০/১২ গ্রাম কালো তিল খাওয়ার পরামর্শ দিয়েছেন।
সকালের রুটিনে এক চামচ কালো তিল যোগ করার ৩টি সহজ উপায়—
সকালের উষ্ণ পানীয়
এক চা-চামচ তাজা ভাজা ও গুঁড়ো করা কালো তিল উষ্ণ বাদামের দুধ বা সাধারণ দুধের সঙ্গে মিশিয়ে নিন। এর সঙ্গে এক চিমটি জায়ফল ও কাঁচা মধু যোগ করতে পারেন।
এনার্জি স্মুদি টপার
প্রতিদিনের গ্রিন স্মুদি, দইয়ের বাটি বা সকালের পোরিজের ওপর ভাজা কালো তিল ছিটিয়ে দিন। এতে খাবারে বাদামের মতো সমৃদ্ধ স্বাদ ও মচমচে টেক্সচার যোগ হবে।
ঐতিহ্যবাহী এনার্জি লাড্ডু
ভাজা কালো তিলের সঙ্গে থেঁতো করা খেজুর ও এক ফোঁটা A2 ঘি মিশিয়ে ছোট ছোট বল তৈরি করুন। দুপুরের ক্লান্তির সময় এটি চিনি ছাড়া এনার্জি বল হিসেবে খেতে পারেন।
কারা সতর্ক থাকবেন
কালো তিল বেশিরভাগ সুস্থ প্রাপ্তবয়স্কের জন্য নিরাপদ হলেও এতে ক্যালরি তুলনামূলক বেশি এবং প্রাকৃতিক অক্সালেট রয়েছে। যাদের কিডনিতে পাথর হওয়ার ইতিহাস রয়েছে বা তীব্র তিল/বীজের অ্যালার্জি আছে, তারা প্রতিদিনের খাদ্যাভ্যাসে এটি যুক্ত করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
সূত্র: এনডিটিভি
কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:২২