আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রামের তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা এবং তাদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে রাঙামাটিতে ‘কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬’ কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটি সদর জোনের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. জুলফিকার রহমান, পিএসসি। এ প্রশিক্ষণে মোট ২০ জন তরুণ-তরুণী অংশ নিচ্ছেন। পিছিয়ে পড়া পাহাড়ি জনগোষ্ঠী ও বাঙালি তরুণদের বিশেষভাবে সম্পৃক্ত করা হয়েছে।
প্রশিক্ষণে কম্পিউটারের মৌলিক ব্যবহার, প্রয়োজনীয় সফটওয়্যার পরিচালনা, ইন্টারনেট ব্যবহার, তথ্য অনুসন্ধানসহ দৈনন্দিন জীবনে প্রযুক্তির কার্যকর প্রয়োগ বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভারপ্রাপ্ত জোন কমান্ডার বলেন, শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ একটি অঞ্চলের টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। তথ্যপ্রযুক্তিতে তরুণদের দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ সৃষ্টি করা সম্ভব।
তিনি বলেন, পাহাড়ি ও বাঙালি তরুণদের যৌথভাবে প্রশিক্ষণে সম্পৃক্ত করার মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও সম্প্রীতিও আরও সুদৃঢ় হবে। বাংলাদেশ সেনাবাহিনীর এ উদ্যোগ পার্বত্য চট্টগ্রামের তরুণদের প্রযুক্তিনির্ভর শিক্ষায় সম্পৃক্ত করার পাশাপাশি দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং আর্থ-সামাজিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৪৫