জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, নিরাপত্তা বিধান ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি, নির্বাহী কমিটি ও পরামর্শক কমিটি গঠন করায় মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ, খাগড়াছড়ি জেলা কমিটি।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ, খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক কংজপ্রু মারমা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নবগঠিত জাতীয় কমিটি, নির্বাহী কমিটি ও পরামর্শক কমিটির কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আশা প্রকাশ করেন, সরকারের এ উদ্যোগের মাধ্যমে পার্বত্য অঞ্চলের মানুষের সার্বিক কল্যাণ নিশ্চিত হওয়ার পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সমস্যা সমাধান এবং জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট কমিটিগুলো কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি সুধাঅং মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক থোয়াইলাপ্রু মারমা, জেলা মহিলা মারমা কমিটির সভানেত্রী চাইঞাং মারমা, সদর উপজেলা কমিটির সভাপতি মংথই মারমাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৩৩