দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা : পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিপ্লব রায় (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় শুভ্রদেব রায় (১৭) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দেউনিয়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিপ্লব রায় উপজেলার পামুলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাটুন হারি আরাজি গ্রামের জগদীশচন্দ্র রায়ের ছেলে। তিনি পেশায় একজন আলু ব্যবসায়ী। আহত শুভ্রদেব রায় একই ইউনিয়নের ঝাকুয়াপাড়া গ্রামের
কৃষ্ণ রায়ের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে আলু ব্যবসায়ী বিপ্লব রায় লক্ষীরহাট কোল্ড স্টোরেজ থেকে বের হয়ে কালুরহাট এসবি-২ কোল্ড স্টোরেজে যান। সেখানে পিকনিকের খাবার খেয়ে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা হন।
পথে দেউনিয়ার মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিপ্লব রায় ও শুভ্রদেব রায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিপ্লব রায়ের মৃত্যু হয়। আহত শুভ্রদেব রায়কে গুরুতর অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে। বিপ্লব রায়ের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা
নেওয়া হবে।
কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:৩৩