ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জামাল হোসেন দীর্ঘদিন ধরে অনুমোদন ও মান নিয়ন্ত্রণ ছাড়াই ডলোমাইট চুন, সিরামিক মাটি, সিমেন্ট ও হাইড্রোক্লোরিক অ্যাসিডসহ বিভিন্ন রাসায়নিক দিয়ে ভেজাল টিএসপি সার তৈরি করে আসছিলেন। পরে এসব সার চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকার কৃষক ও মৎস্য খামারিদের কাছে বিক্রি করা হতো। অভিযানে প্রায় ২৫০ বস্তা প্রস্তুতকৃত ভেজাল টিএসপি সার এবং সার তৈরির উপাদান হিসেবে রাখা প্রায় ৩০০ বস্তা চুন, সিমেন্ট ও সিরামিক মাটি জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁইয়া বলেন, সার ব্যবস্থাপনা আইনে কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড এবং ২০ ধারায় কারখানার মালামাল জব্দ করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।
ঢাকা জেলা এনএসআই কার্যালয়ের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, পুলিশ ও র্যাব-১০-এর সদস্যরা উপস্থিত ছিলেন।