আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে অবৈধভাবে গড়ে তোলা ইসরায়েলি বসতি থেকে উৎপাদিত ও আমদানি করা পণ্যের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তকে নীতিগতভাবে স্বাগত জানিয়েছে মিসর। উত্তর আফ্রিকার অন্যতম প্রভাবশালী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই ব্রিটিশ পদক্ষেপের আনুষ্ঠানিক সমর্থন নিশ্চিত করেছে। কায়রো মনে করে, এটি আন্তর্জাতিক আইন রক্ষায় একটি যথার্থ পদক্ষেপ এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ বসতি সম্প্রসারণ প্রতিহত করতে কার্যকর ভূমিকা রাখবে।
এক সরকারি বিবৃতিতে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে যে, যুক্তরাজ্যের সাম্প্রতিক এই অবস্থান ও দৃষ্টিভঙ্গি সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিশ্বের শক্তিশালী দেশগুলোর পক্ষ থেকে এমন পদক্ষেপ অবৈধ বসতি স্থাপনের তৎপরতা বন্ধে বড় ধরনের চাপ সৃষ্টি করবে।
বিবৃতিতে ফিলিস্তিনের সার্বিক পরিস্থিতি তুলে ধরে মিসর সতর্কবার্তা উচ্চারণ করে বলে, ইসরায়েলি বাহিনীর অবিরাম বসতি সম্প্রসারণ ফিলিস্তিনি ভূখণ্ডের ভৌগোলিক ঐক্য ও সার্বভৌমত্বকে চরমভাবে ক্ষুণ্ন করছে। একই সঙ্গে এই অবৈধ কর্মকাণ্ড ভূখণ্ডটির স্বাধীনতা এবং একটি স্বাবলম্বী ও টিকে থাকার মতো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে মারাত্মকভাবে নস্যাৎ করে দিচ্ছে।
সূত্র: আল জাজিরা