বিনোদন ডেস্ক : ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে প্রকাশ্যে হেনস্তা ও হামলার ঘটনা ঘিরে বিনোদন অঙ্গনে বইছে প্রতিবাদ আর ক্ষোভের ঝড়। এমন সময়ে দেশের বাইরে ঘটে যাওয়া এমন অপ্রীতিকর ঘটনা; পাশাপাশি নারী ও শিল্পীদের প্রতি মানুষের ক্রমবর্ধমান নিষ্ঠুরতা নিয়ে কথা বললেন মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল।
মঙ্গলবার সকালে সামাজিক মাধ্যমে পোস্টটি দেন তিনি। সেখানে উঠে আসে তার গভীর উদ্বেগ ও হতাশার কত্থা। সরাসরি বাঁধনের প্রসঙ্গ উল্লেখ না করলেও ফেসবুকে দেওয়া পোস্টে পিয়া জান্নাতুল লেখেন, ‘মানুষ দিন দিন এতটা নিষ্ঠুর আর ইনসেনসিটিভ (সংবেদনহীন) হয়ে যাচ্ছে, বিশেষ করে নারী আর শিল্পীদের প্রতি, যেটা সত্যিই ভাবায়।’
পিয়া জান্নাতুল লেখেন, ‘দেশের বাইরে থাকলেই যে মানুষের চিন্তাভাবনা বদলে যায়, বা মনটা আরও খোলামেলা হয়ে যায় আসলে তা না। আমার কাছে আসল উন্নতি বোঝা যায় একজন মানুষ অন্যকে কতটা সম্মান করে, কতটা বুঝতে পারে, আর কতটা মানবিক থাকতে পারে, সেখানেই। দুঃখের বিষয়, এই জায়গাগুলোতেই আমরা যেন ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছি।’
গত সোমবার রাতে ভেনিসের মেস্ত্রে এলাকায় হামলার শিকার হন আজমেরী হক বাঁধন। এ সময় তার সঙ্গে ছিল ভাই ও তার শিশু সন্তান। ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নিজেদের ‘ভেনিস ছাত্রলীগ’ ও ‘বঙ্গবন্ধুর সৈনিক’ পরিচয় দিয়ে ক্ষুব্ধ কয়েকজন লোক অভিনেত্রীকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দেয়। চলে গালিগালাজ, মারধর-হেনস্তা।
ঘটনার পর ফেসবুক লাইভে এসে বাঁধন জানান, পার্কের মধ্যে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, গায়ে কোক ও পানি ছুঁড়ে মারা হয়েছে এবং মারধর করে তার মোবাইল ফোন ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনার কড়া প্রতিবাদ জানান অভিনেত্রী। পরবর্তীতে এ ঘটনায় স্থানীয় ভেনিস থানায় একটি অভিযোগও দায়ের করেছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে সক্রিয় ভুমিকা রাখা আজমেরী হক বাঁধনের ওপর এমন হামলার ঘটনা ঘটেছে বলেই ধারণা। সামাজিক মাধ্যমে বইছে সমালোচনার ঝড়। সহশিল্পী ও সাধারণ নেটিজেনরা এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশের পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন।
কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ২:০৩