বিনোদন ডেস্ক : ঢাকার ৪১৬ বছর উদযাপনের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে শিল্পকলা একাডেমিতে চলছে নয় দিনব্যাপী ঢাকা নাট্যোৎসব।
আজ সোমবার এই উৎসবের দ্বিতীয় দিন। সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় লোক নাট্যদল (বনানী) প্রযোজিত দর্শকনন্দিত হাসির নাটক ‘কঞ্জুস। এটি ছিল নাটকটির ৭৯৮তম মঞ্চায়ন।
ফরাসি নাট্যকার মলিয়েরের বিখ্যাত কমেডি ‘দ্য মাইজার’ অবলম্বনে নাটকটির রূপান্তর করেছেন তারিক আনাম খান ও নির্দেশনায় ছিলেন কামরুন নূর চৌধুরী।
‘কঞ্জুস’-এর গল্প আবর্তিত হয়েছে পুরান ঢাকার এক চরম কৃপণ চরিত্র হায়দার আলীকে ঘিরে। অর্থের প্রতি তার অতি আসক্তি ও কৃপণতার কারণে পরিবার এবং আশপাশের মানুষের জীবনে একের পর এক ঘটতে থাকে নানা মজার ও বিব্রতকর ঘটনা। হাস্যরসের মধ্য দিয়ে মানুষের অর্থলোভ, পারিবারিক টানাপড়েন এবং সামাজিক বাস্তবতাকে তুলে ধরা হয়েছে নাটকটিতে।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দলের নিয়মিত অভিনয় শিল্পীরা।
১৯৮৭ সালে প্রথম মঞ্চায়নের পর থেকেই ‘কঞ্জুস’ দর্শকদের কাছে জনপ্রিয়তা ধরে রেখেছে। দীর্ঘ পথচলায় নাটকটি লোক নাট্যদলের অন্যতম সফল প্রযোজনায় পরিণত হয়েছে।
উৎসবের তৃতীয় দিন আগামীকাল মঙ্গলবার মঞ্চায়ন হবে ঢাকা পদাতিকের নাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’।
৯টি নাট্যদলের অংশগ্রহণে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে নয়দিনের এই উৎসব। প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটক মঞ্চায়নের আগে বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মিলনায়তনের বাইরের উন্মুক্ত মঞ্চে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
কিউএনবি/অনিমা/০৭ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:১১