ডেস্ক নিউজ : যথাযথ মর্যাদার সঙ্গে ’পবিত্র ঈদে মিলাদুন্নবী’ (সাঃ) পালন করেছে তাসাউফ ফাউন্ডেশন। এ উপলক্ষে শান্তি সম্প্রীতি ও ইসলাম বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৬ আগস্ট) ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরী মহাখালী ডিওএইচএস এ রাওয়া ক্লাবের হেলমেট হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সৈয়দ শাহাদাত হুসাইন আল হাসানী আল মাইজভান্ডারী, চেয়ারম্যান, তাসাউফ ফাউন্ডেশন।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
মূল প্রবন্ধে সৈয়দ শাহাদাত হুসাইন বলেন, ঈদে মিলাদুন্নাবী (সাঃ) উদযাপনই তাওহীদের পরিচায়ক। আমরা মুসলমানগণ আমাদের প্রাণের নবীকে প্রাণের চেয়েও প্রিয় এবং প্রাণাধিক ভালোবাসার পরও বিশ্বাস করি যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ্ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি এবং তাঁর আগমন ও ইন্তেকাল আছে।
তিনি বলেন, শত কোটি মুসলমান নবীর মিলাদকে স্বীকৃতি দিয়ে আল্লাহ্ পাকের একত্ববাদের ঘোষণা দিচ্ছে যে, মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম স্রষ্টার সৃষ্টি। সুতরাং, মিলাদুন্নাবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম উদযাপন হচ্ছে শির্কমুক্ত জীবন যাপন এবং তওহীদের ডঙ্কা আল্লাহ্র জমিনে বুলন্দ করা।
অনুষ্ঠানে মহানবী (সাঃ) এর শানে মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এবং এতিম ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
তাসাউফ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাদী সৈয়দ শাহাদাত হুসাইন মিলাদ মাহফিল শেষে দেশ ও দেশবাসীর জন্য দোয়া করেন। অনুষ্ঠানে ঢাকা ও দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন পেশার সহস্রাধিক মানুষ নবী প্রেমে উদ্বুদ্ধ হয়ে যোগদান করেন।
কিউএনবি/অনিমা/২৬ অগাস্ট ২০২৬,/রাত ৮:১০