আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ জন কথিত মাদক কারবারি ও একজন মাদকসেবীসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
বুধবার (২৬ আগস্ট) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, অভিযানে লাভলী চাকমা (৩৫), খোকন (২৮), সুরুঞ্জন চাকমা (৪৫), মোশন চাকমা (২৫), ধন বিকাশ চাকমা (২১), শতক চাকমা (২০), মো. জসিম উদ্দিন (৩২), রাশেদ মিয়া (৪০), টিস্যু চৌধুরী (৩২), মো. জসীম (৩৫) ও মো. বাপ্পি ইসলাম (৩২)-কে মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার করা হয়।
তাদের হেফাজত থেকে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। এ ছাড়া মো. উজ্জল (৪৫) নামের একজনকে মাদক সেবনের অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:৩৪