আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সামরিক সংঘাত থামার কোনো লক্ষণ নেই। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ধারাবাহিক সামরিক অভিযানের দশম রাত পার করেছে। সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) পক্ষ থেকে জানানো হয়েছে যে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজকে ইরানের হুমকি মোকাবিলা এবং তাদের সামরিক সক্ষমতা আরও কমিয়ে দিতেই এই বিমান হামলা চালানো হচ্ছে।
ওয়াশিংটনের দাবি, কৌশলগত এই জলপথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর সাম্প্রতিক হামলার পেছনে তেহরানের হাত রয়েছে এবং তারা সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করছে।
সোমবার এই নতুন দফার হামলা শুরু হয়। মার্কিন সামরিক বাহিনীর বরাতে জানা গেছে, প্রেসিডেন্টের নির্দেশ না আসা পর্যন্ত এই ধ্বংসাত্মক অভিযান অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপস্থিতি নিয়ে তেহরানের তীব্র আপত্তির পাশাপাশি মার্কিন সেনা নিহতের ঘটনার বদলা নিতেই এই কঠোর অবস্থান নিয়েছে ওয়াশিংটন।
এর আগে ইরানের পক্ষ থেকেও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছিল যে, মার্কিন হামলা অব্যাহত থাকলে তেহরান সর্বাত্মক আক্রমণের পথ বেছে নেবে এবং আঞ্চলিক অবকাঠামোও তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।।
কিউএনবি/অনিমা/২১ জুলাই ২০২৬,/সকাল ৯:২৭