আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কর্ণাটকের ডাণ্ডেলী রিসোর্টে জিপলাইন রাইডের সময় সেফটি লক ভেঙে প্রায় ৪০ ফুট নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন কুবেল সুরপুর নামের এক পর্যটক।
বিজয়াপুরের বাসিন্দা কুবেলের পরিবার রিসোর্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলেছে। তাদের দাবি, রাইডে ব্যবহৃত যন্ত্রাংশগুলো জং ধরা ছিল এবং সেগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হতো না। মাঝ আকাশে নিরাপত্তা ব্যবস্থা হঠাৎ বিকল হয়ে যাওয়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, যার পুরো দৃশ্য ক্যামেরায় ধরা পড়ায় সামাজিক মাধ্যমে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দুর্ঘটনার পর কুবেলকে প্রথমে ডাণ্ডেলি সরকারি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য মিরাজে স্থানান্তরিত করা হয়। তার হাত ও পায়ে একাধিক ফ্র্যাকচারের পাশাপাশি স্নায়ুর মারাত্মক ক্ষতি হয়েছে। এই ঘটনার পর অ্যাডভেঞ্চার ট্যুরিজমের নামে চলা রিসোর্টগুলোতে কঠোর সুরক্ষা এবং নিয়মিত মান পরীক্ষার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।
সূত্র: এনডিটিভি
কিউএনবি/অনিমা/২১ জুলাই ২০২৬,/রাত ১২:৪৯