আন্তর্জাতিক ডেস্ক : তুলতে গিয়েছিলেন দেবরের পাঠানো মাত্র ৩ হাজার টাকা। কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতেই চক্ষু চড়কগাছ গৃহবধূর! দেখলেন, অ্যাকাউন্টে জমা হয়ে আছে প্রায় ৭৬০ কোটি টাকা। নিজের সাধারণ অ্যাকাউন্টে অবিশ্বাস্য এই অঙ্ক দেখে চরম আতঙ্কে থানায় ছুটলেন ওই নারী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়।
জানা গেছে, মুর্শিদাবাদের লালগোলা থানার বিলবোরাকোপরা অঞ্চলের কালিকাপুর গ্রামের বাসিন্দা ওই গৃহবধূর নাম শরিফা খাতুন। গত শনিবার তার অ্যাকাউন্টে চেন্নাই থেকে ৩ হাজার টাকা পাঠান তার দেবর। সেই টাকা তুলতে গিয়েই শরিফা খাতুন দেখেন, অ্যাকাউন্টে অবিশ্বাস্যভাবে কয়েকশো কোটি টাকা জমা হয়ে রয়েছে। ব্যালেন্সের জায়গায় জ্বলজ্বল করছে ৭,৫৯,৬৯,৫১,৯৫১ টাকা ১৬ পয়সা। নিজের সাধারণ ব্যাংক অ্যাকাউন্টে এত বিপুল অঙ্কের টাকা দেখে স্বাভাবিকভাবেই চরম আতঙ্কিত হয়ে পড়েন ওই গৃহবধূ ও তার পরিবার।
কোনো রকম ঝুঁকি না নিয়ে শরিফা খাতুন ও তার পরিবার সঙ্গে সঙ্গে বিষয়টি লালগোলা থানায় লিখিতভাবে জানান। পাশাপাশি ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেন তারা। আগামী সোমবার শরিফা খাতুনকে সমস্ত নথিপত্র-সহ ব্যাংকে যোগাযোগ করতে বলা হয়েছে। লালগোলা থানার পুলিশও ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রাথমিকভাবে ব্যাংকিং বিশেষজ্ঞদের অনুমান, এমন ঘটনার নেপথ্যে বড়সড় কারিগরি ত্রুটি বা ‘সফটওয়্যার গ্লিচ’ রয়েছে। অনেক সময় সিস্টেমের ভুলের কারণে ট্রানজেকশন আইডি বা অন্য কোনো কোড ভুলবশত ব্যালেন্সের জায়গায় দেখায়। সোমবার ব্যাংক খোলার পর বিষয়টি খতিয়ে দেখলে তবেই এই রহস্যের প্রকৃত সমাধান হবে।
উল্লেখ্য, দুর্গাপুর ও কোচবিহারের পর এবার মুর্শিদাবাদে এই অদ্ভুত ঘটনা ঘটল। এর আগে কোচবিহারে এক ছাত্রীর অ্যাকাউন্টেও ঠিক একই পরিমাণ ব্যালান্স দেখা গিয়েছিল। এছাড়া একই দিনে দুর্গাপুরের জটেশ্বর এলাকার আরেক গৃহবধূর অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা পাওয়া গিয়েছিল।
কিউএনবি/অনিমা/১২ জুলাই ২০২৬,/রাত ১০:৪৭