সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১১৬ Time View

দেবীগঞ্জ (পঞ্চগড়)সংবাদদাতা : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ২ নম্বর শালডাঙ্গা ইউনিয়নের বটতলী মোড় থেকে ডাঙ্গাপাড়া পর্যন্ত সড়কের নির্মাণকাজ শুরু হওয়ার প্রায় তিন বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি কাজ। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই প্রকল্পের কারণে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। ঠিকাদারের অবহেলা, কাজের ধীরগতি ও দীর্ঘসূত্রিতার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে আয়োজিত মানববন্ধনে শালডাঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নবিউন ইসলাম লেবু, শালডাঙ্গা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ওমর ফারুক, স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন, সামিউল ইসলামসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, প্রায় তিন বছর আগে সড়কটির নির্মাণকাজ শুরু হলেও এখনো তা শেষ হয়নি। এতে প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে চরম সমস্যায় পড়ছেন, শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত ব্যাহত হচ্ছে এবং জরুরি রোগীদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে যায়।

তাদের অভিযোগ, প্রকল্পটির মেয়াদ একাধিকবার বাড়ানো হলেও কাজের দৃশ্যমান অগ্রগতি নেই। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি এবং সংশ্লিষ্ট প্রকৌশলীর তদারকির অভাবেই বছরের পর বছর ধরে গুরুত্বপূর্ণ এই সড়কের নির্মাণকাজ ঝুলে আছে। দ্রুত কাজ শেষ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয় সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এ বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মুঠোফোনে বলেন, “আমি নিজেই ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছি। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রকৌশলীকে বলেছি, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে চুক্তি বাতিলসহ আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে।”অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান রেনকু ট্রেডার্স-এর স্বত্বাধিকারী নুর ইসলাম বলেন, “আমি কিছুদিন অসুস্থ ছিলাম।

পাশাপাশি বর্ষা মৌসুমে বালুর সংকটের কারণে কাজের গতি ব্যাহত হয়েছে। আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যেই নির্মাণকাজ সম্পন্ন করার আশা করছি।”তবে স্থানীয়দের প্রশ্ন, একাধিকবার সময়সীমা বাড়ানো হলেও কেন এখনো শেষ হয়নি গুরুত্বপূর্ণ এই সড়কের নির্মাণকাজ? দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নির্ধারিত সময়ের মধ্যে সড়কের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২৬,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit