বিনোদন ডেস্ক : ২০১০ সালে দায়ের করা মামলাটি সম্প্রতি খারিজ করেছেন মুম্বাই হাইকোর্ট। সে সময় ‘কমেডি সার্কাস কা জাদু’র একটি পর্বে ভারতী ও শেখরের একটি জোকস ইসলাম ধর্মাবলম্বীদের মনে ধর্মীয় আঘাত তৈরি করে।
ওই পর্বে ‘ইয়ে আল্লাহ! রসগুল্লা! দহি ভাল্লা!’ বাক্যটি ব্যবহারের কারণে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ২৯৫এ ধারায় মামলা দায়ের করা হয় দুই তারকার বিরুদ্ধে।
দীর্ঘ ১৬ বছর পর এ মামলায় আদালত রায় দেন, শুধু খাবারের নাম উল্লেখ করা কখনো ধর্মের অপমান হতে পারে না। ধর্ম অবমাননার জন্য সুনির্দিষ্ট বিদ্বেষ বা আক্রমণের প্রমাণ থাকতে হবে।
মামলার শুনানিতে আদালত জানায়, অনুষ্ঠানের কোনো অংশকে মূল প্রসঙ্গ থেকে আলাদা করে দেখে কাউকে অপমানিত বোধ করলেই শিল্পীদের বিরুদ্ধে মামলা করা ঠিক নয়।
‘কমেডি সার্কাস কা জাদু’ অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ বিনোদনমূলক। সেখানে ভারতী ও শেখরের ধর্মীয় আঘাতের কোনও উদ্দেশ্যের প্রমাণ মেলেনি। ছিল না কোন আক্রমণাত্মক আচরণও। এ কারণে আদালত মনে করছে পর্যবেক্ষণ, হাসির আবহ তৈরি করতেই শব্দগুলো ব্যবহৃত হয়েছে।
তাই ‘হাসির শো’-এর একটি সংলাপের আইনি লড়াইয়ের পথটা দীর্ঘ হলেও অবশেষে আদালত মামলাটি বাতিল ঘোষণা করে দুজনকেই অভিযোগমুক্ত করেন।
কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৬,/সকাল ৬:৫৫