গাজী গিয়াস উদ্দিন বশির ঝালকাঠি : ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বেলদাখান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সমাপ্তী আক্তার (১৩) ‘কীর্তিপাশা প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়ের’ সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং স্থানীয় জাকির হোসেনের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয় থেকে বাসায় ফিরে গোসল ও খাবার শেষে প্রাইভেট পড়া নিয়ে মায়ের সঙ্গে সমাপ্তীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার মা অন্যত্র চলে গেলে সমাপ্তী নিজ কক্ষে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কিউএনবি/আয়শা/০৫ মে ২০২৬,/রাত ১২:২৫