ডেস্ক নিউজ : পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে নির্বাচনি বিজয়ের পর মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর (ভিপি নুর)।
তিনি উল্লেখ করেন, জাতীয় রাজনীতিতে ব্যস্ততার কারণে সবার কাছে সরাসরি পৌঁছাতে না পারলেও জনগণ আমাকে আস্থা ও বিশ্বাসের প্রতিদান হিসেবে বিজয়ী করেছেন। এ সমর্থন তাকে আগামী দিনে আরও দায়িত্বশীল, মানবিক ও ন্যায়পরায়ণ হতে অনুপ্রাণিত করবে বলে জানান তিনি।
বিবৃতিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভিপি নুর। তিনি বলেন, দলীয় সমর্থন, দিকনির্দেশনা ও সহযোগিতা তার বিজয়ের পথ সুগম করেছে। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার, জেলা প্রশাসন পটুয়াখালী, গলাচিপা ও দশমিনা উপজেলা প্রশাসন এবং নির্বাচনে দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।
বিএনপি, গণঅধিকার পরিষদ (জিওপি) ও অন্যান্য রাজনৈতিক দল, বিভিন্ন দরবার শরিফের গুরুজন, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, পেশাজীবী, সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের কর্মী-সমর্থকদের প্রতিও শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
নির্বাচনি প্রচারণায় হামলা-মামলা ও নির্যাতনের শিকার সমর্থকদের প্রতি সমবেদনা জানিয়ে ভিপি নুর বলেন, আপনারা কষ্ট ভুলে যান, অপরাধীদের ক্ষমা করুন—এটাই আপনাদের মাহাত্ম্যকে বড় করবে। ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনে দ্রুত কাজ শুরু করা হবে।
উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, গলাচিপা-দশমিনায় সমতাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক, পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, অর্থনীতি ও অবকাঠামোগত উন্নয়নে মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। গরিব, কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষকে উন্নয়নের অগ্রাধিকার তালিকায় রাখা হবে বলেও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, গলাচিপা-দশমিনা হবে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের জনপদ। মাদক, চুরি, ডাকাতি, ভূমিদস্যুতা, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে, জনগণ নির্ভয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
স্কুল-কলেজ ও মাদ্রাসায় শিক্ষা কার্যক্রম নিশ্চিত করা, হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে মানসম্মত চিকিৎসা সেবা প্রদান, অফিস-আদালত হয়রানিমুক্ত ও জনবান্ধব করা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও আস্থা রক্ষায় কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি। সবশেষে তিনি নাগরিক সমাজের সহযোগিতা কামনা করে বলেন, জনগণ পাশে থাকলে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব।
কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৩:১৫