বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

দুই দিনে ম্যাচ শেষ হওয়ায় ‘অসন্তোষজনক’ রেটিং পেলো এমসিজি’র পিচ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬ Time View

স্পোর্টস ডেস্ক : প্রতিটি ম্যাচ শেষে আইসিসির কাছে একটি রিপোর্ট জমা দেন ম্যাচ রেফারি। সেই ম্যাচে পিচ কেমন ছিল, তা নিয়েও নিজের মতামত জানান ম্যাচ রেফারি। সেই মতামত দেখে একটি নম্বর দেয় আইসিসি। যদি কোনো কারণে পিচ কম নম্বর পায় তাহলে তার নেতিবাচক প্রভাবও পড়ে, মেলবোর্নের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। 

ম্যাচ রেফারি জেফ ক্রো-র রিপোর্টের ভিত্তিতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের পিচকে ‘অসন্তোষজনক‘ আখ্যা দিয়েছে আইসিসি। আইসিসি পিচের মান নিয়ে চারটি রেটিং দেয়। তার মধ্যে তৃতীয় স্থানে রয়েছে অসন্তোষজনক। তার অর্থ, এই পিচে ব্যাট ও বলের মধ্যে সমান লড়াই হয়নি। বোলারেরা অনেক বেশি সুবিধা পেয়েছেন। ফলে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছে মেলবোর্ন। 
 
২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হওয়া অস্ট্রেলিয়া–ইংল্যান্ডের বক্সিং ডে টেস্ট পরদিনই শেষ হয়ে যায়। প্রথম দিনেই দুই দলের ২০ উইকেট পড়ে যায়, পরদিন আরও ১৬টি—মোট ১৪২ ওভারেই ৩৬ উইকেট। টেস্টটা ৪ উইকেটে জিতে ইংল্যান্ড। তবে প্রথম তিন টেস্ট জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়া। 
 
ম্যাচ শেষ হওয়ার পর দিন এমসিজির কিউরেটর ম্যাট পেজ বলেছিলেন, এত দ্রুত ম্যাচ শেষ হয়ে যাওয়ায় তিনি ধাক্কা খেয়েছেন। শেষ তিন দিনের গরম আবহাওয়ার পূর্বাভাস মাথায় রেখে পিচে ১০ মিলিমিটার ঘাস রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে সেই সিদ্ধান্ত নিয়েই ব্যাপক প্রশ্ন উঠেছে। 
 
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ক্রিকেট বিষয়ক প্রধান জেমস অলসপ পরে এক বিবৃতিতে বলেন, ‘তৃতীয় ও চতুর্থ দিনের টিকিট কাটা দর্শক এবং অস্ট্রেলিয়া ও বিশ্বজুড়ে ম্যাচ দেখার অপেক্ষায় থাকা কোটি ভক্তের জন্য আমরা হতাশ। এই পিচ ব্যাট ও বলের মধ্যে এমসিজির স্বাভাবিক ভারসাম্য দিতে পারেনি।’ 

উল্লেখ্য, প্রতিবছরই ২৬ ডিসেম্বর মেলবোর্নে বক্সিং ডে টেস্ট ম্যাচ আয়োজন করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এবারের আগের তিনটি বক্সিং ডে টেস্টেই এমসিজির পিচ আইসিসির সর্বোচ্চ রেটিং ‘ভেরি গুড’ পেয়েছিল। তবে এবার দুই দিনে শেষ হয়ে যাওয়ায় ক্রিকেট অস্ট্রেলিয়াকে আর্থিকভাবেও বড় ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

 

কিউএনবি/আয়শা/২৯ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit