বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

চোট শঙ্কা থাকলেও তিন তারকাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখছে অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪১ Time View

স্পোর্টস ডেস্ক : বক্সিং ডেতে (২৬ ডিসেম্বর) ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে গ্রেড–২ ইনজুরি হওয়ায় টিম ডেভিড হোবার্ট হারিকেনসের হয়ে বিগ ব্যাশের বাকি অংশে আর খেলতে পারবেন না। তবে তার সেরে ওঠার সময়সীমা বিবেচনায়, ফেব্রুয়ারির শুরুতে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে ফিট হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। তাই বিশ্বকাপের প্রাথমিক একাদশে রাখা হচ্ছে তাকে।

জুলাইয়ে পিঠে লাম্বার স্ট্রেস ইনজুরিতে আক্রান্ত হওয়ার পর থেকে কামিন্স মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। সংক্ষিপ্ত প্রস্তুতি নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেড টেস্টে ফিরেই দুর্দান্ত বোলিং করেন অজি অধিনায়ক, কিন্তু অতিরিক্ত ঝুঁকি না নিতে তাকে সিরিজের বাকি ম্যাচগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত সবশেষ বিশ্বকাপের পর থেকে আর কোনো টি–টোয়েন্টি আন্তর্জাতিক খেলেননি কামিন্স।

কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানান, আইসিসির ২ জানুয়ারির সময়সীমার আগে ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে কামিন্সকে রাখা হবে, তবে টুর্নামেন্টের কাছাকাছি সময়ে তার খেলা–না খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। ম্যাকডোনাল্ড বলেন, ‘প্যাটের (কামিন্স) আরেকটি স্ক্যান চার সপ্তাহ পর হবে। সেটি আমাদের বিশ্বকাপের জন্য তার অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা দেবে। তাকে ১৫ জনের স্কোয়াডে রাখা হবে, এরপরই আমরা সিদ্ধান্ত নেব।’
 
ভারতের বিপক্ষে চলতি মৌসুমের টি–টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বোলিং করা হ্যাজেলউড হ্যামস্ট্রিং ও অ্যাকিলিস ইনজুরির কারণে পুরো অ্যাশেজ মিস করলেও, নির্ধারিত সময়ের মধ্যে ফিট হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। ম্যাকডোনাল্ড বলেন, ‘জশ (হ্যাজেলউড) আবার বোলিং শুরু করেছে। সময়সীমার দিক থেকে সে ঠিকঠাক থাকবে বলেই মনে হচ্ছে।’

অস্ট্রেলিয়ার মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ অংশ টিম ডেভিড পার্থ স্কর্চার্সের বিপক্ষে হারিকেনসের রান তাড়ার সময় রিটায়ার্ড হার্ট হন। এ বিষয়ে ম্যাকডোনাল্ড বলেন, ‘টাইমফ্রেম টিডির (ডেভিড) জন্যও সহায়ক হবে। ইনজুরি যাই হোক না কেন, তাকে পাওয়া যাবে বলেই মনে হচ্ছে।’

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ১১ ফেব্রুয়ারি। গ্রুপ পর্বে প্রথম দুই প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। প্রয়োজনে ডেভিডকে আরও সময় দিতে হলে, ১৬ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ পর্যন্ত অপেক্ষা করার সুযোগ থাকবে।
বিবিএলের পারফরম্যান্স বা নতুন কোনো চোটের কারণে প্রাথমিক স্কোয়াডে পরিবর্তন আসতে পারে, এবং বিশ্বকাপ শুরুর কাছাকাছি সময়ে স্কোয়াড চূড়ান্ত করা হবে।

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে অস্ট্রেলিয়া জানুয়ারির শেষ দিকে পাকিস্তানে তিনটি টি–টোয়েন্টি খেলবে। এই সূচির কারণে সংশ্লিষ্ট খেলোয়াড়দের অনেকেই বিবিএল ফাইনালের কিছু ম্যাচ মিস করতে পারেন।

 

 

কিউএনবি/খোরশেদ/২৯ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit