স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের তারকা পেস বোলার নাসিম শাহর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় সন্দেহভাজন তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার পুলিশ জানিয়েছে, গত ১০ নভেম্বর রাত পৌনে দুইটায় মায়ার এলাকায় পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহর বাড়িতে হামলা করা হয়। অজ্ঞাত বন্দুকধারীরা নাসিম শাহর বাড়ির প্রধান ফটক, দরজা জানালা ও দেয়ালে গুলি চালায়। এই হামলায় আতঙ্কিত নাসিম শাহর পরিবার।
পুলিশ সুপার (তদন্ত) রশিদ আহমেদ খানের নেতৃত্বে সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) জান্দোল সার্কেল আলিম খান, মায়ার থানার অফিসার (এসএইচও) ইদ্রিস খান এবং প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) হায়াত মুহাম্মদ খানের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল মামলাটি তদন্ত করছে।নাসিমের বাবা জাফর শাহ তিন জনের নাম উল্লেখ করে মামলা করেছেন।
হামলায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনজনই হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা জানিয়েছেন, জমি জমা নিয়ে পারিবারিক বিরোধের কারণে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, ‘ঘটনার কয়েকদিন আগে জমি নিয়ে বিরোধ দেখা দেয়।
হামলার দিন, একপক্ষ বিতর্কিত জমিতে গম চাষ করছিল, তখন অন্য পক্ষ গুলি চালায়। নাসিম শাহর মায়ের আত্মীয়রা প্রতিদ্বন্দ্বী পরিবারের সাথে যুক্ত থাকায় ক্রিকেটারের বাড়ি লক্ষ্য করে হামলা করা হয়েছে।’এই হামলার ঘটনায় অধিকতর তদন্ত চলছে, বড় কোনো দুর্ঘটনা এড়াতে ক্রিকেটারের বাসভবনের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:৫০