মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

পাকিস্তান-ভারত সংঘাতে ৮ যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল: ট্রাম্প

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের মে মাসে পাকিস্তান-ভারতের সামরিক সংঘাত নিয়ে আবারও মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি দাবি করেছেন, ওই সংঘাতে মূলত আটটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল।

যদিও আগে ৭টি যুদ্ধবিমান ধ্বংস হওয়ার কথা বলেছিলেন তিনি। এমনকি তার হুমকির কারণেই দুই দেশ শান্তি করতে রাজি হয় বলেও জানিয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন।
বুধবার রাতে মায়ামিতে আমেরিকান বিজনেস ফোরামে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, “আট মাসে আমি আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছি— এর মধ্যে কসোভো-সার্বিয়া, কঙ্গো-রুয়ান্ডা এবং পাকিস্তান-ভারতের সংঘাতও ছিল।”
তিনি বলেন, “আমি তখন দুই দেশের সঙ্গেই বাণিজ্য চুক্তির প্রক্রিয়ায় ছিলাম। এরপর একদিন সংবাদপত্রের প্রথম পাতায় দেখি— ওরা যুদ্ধের পথে। সাতটা বিমান ধ্বংস হয়েছে, অষ্টমটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। অর্থাৎ মোট আটটি বিমান কার্যত ভূপাতিত হয়েছে।”
ট্রাম্প আগের মতোই দাবি করেন, যতক্ষণ না ভারত ও পাকিস্তান শান্তিতে রাজি হয়, ততক্ষণ তিনি তাদের সঙ্গে কোনও বাণিজ্য চুক্তি করবেন না বলে তিনি হুমকি দিয়েছিলেন।
ট্রাম্প বলেন, “আমি বলেছিলাম, তোমরা যদি যুদ্ধ করো, আমি তোমাদের সঙ্গে কোনও বাণিজ্য করব না, কোনও চুক্তিও নয়। একদিন পরই ফোন পেলাম— ওরা শান্তি স্থাপনে রাজি হয়েছে। আমি বললাম, ধন্যবাদ, এখন চলো বাণিজ্য করি। দেখো না, এটা কত দারুণ! শুল্ক না থাকলে এটা সম্ভবই হতো না।”
চলতি বছরের মে মাসে পরমাণু অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশের এই সংঘাত নিয়ে ট্রাম্প আগে বলেছিলেন, পাঁচ থেকে সাতটি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছিল। তিনি আরও বলেন, সেপ্টেম্বর মাসে ওয়াশিংটনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। তিনি তাদের প্রশংসাও করেছেন।
এছাড়া গত মাসেও ট্রাম্প বলেছিলেন, পাকিস্তান-ভারতের ওই সংঘাতে সাতটি “একেবারে নতুন ও ঝকঝকে বিমান” গুলি করে নামানো হয়। তবে ভারতের পক্ষ থেকে ট্রাম্পের এই দাবি সব সময়ই অস্বীকার করা হয়েছে। নয়াদিল্লির দাবি, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল, কিন্তু তা যুক্তরাষ্ট্রের কোনও হস্তক্ষেপের ফল নয়।
গত মে মাসের চার দিনব্যাপী সেই সংঘাতে উভয় দেশই যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, গোলাবর্ষণ ও ড্রোন ব্যবহার করে। এতে বহু মানুষ প্রাণ হারায়। একে অপরের বিমানঘাঁটিতে পাল্টা হামলার পর ১০ মে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে অবশেষে যুদ্ধবিরতি হয়। সংঘাত শেষে পাকিস্তান দাবি করেছিল, তারা ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে একটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল ফাইটার জেট। ভারত কিছু ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেও ছয়টি বিমান হারানোর বিষয়টি অস্বীকার করেছে।
এর কয়েক মাস পর গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, পাকিস্তান বিমানবাহিনী “ভারতের সাতটি যুদ্ধবিমানকে ধুলায় মিশিয়ে দিয়েছে”। এরপর ট্রাম্পও বলেন, তিনি সেই সংঘাতের সময় “সাতটি বিমান ভূপাতিত হওয়ার” ঘটনা নিয়ে দুই দেশের নেতাদের সঙ্গে সরাসরি কথা বলেছিলেন।

 

কিউএনবি/খোরশেদ/০৬ নভেম্বর ২০২৫,/দুপুর ২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit