শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

“লালমনিরহাট রাজনীতিতে ‘ভূমিকম্প”

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৮৪ Time View

‎জিন্নাতুল ইসলাম জিন্না,‎​লালমনিরহাট প্রতিনিধি : ‎​লালমনিরহাট সদর উপজেলার রাজনীতিতে বড় ধরনের মোড় সৃষ্টি হয়েছে। সদর উপজেলার ৯টি ইউনিয়নের মোট ৫৬ জন ইউপি সদস্য তাদের নিজ নিজ দল আ’লীগ-জাপা থেকে একযোগে গণপদত্যাগের ঘোষণা দিয়েছেন। পদত্যাগকারী ৫৬ জন ইউপি সদস্যের মধ্যে ৪৪ জনই ক্ষমতাসীন আওয়ামীলীগ সমর্থিত এবং ১২ জন জাতীয় পার্টি (জাপা) সমর্থিত। ‎সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ​মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ হল রুমে এক জরুরি সভায় একত্রিত হয়ে তারা এই ঘোষণা দেন।

‎​জানা যায়, পদত্যাগকারী ইউপি সদস্যদের মধ্যে বেশ কয়েকজন সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদানের ঘোষণা দিলেও, বাকিরা তাৎক্ষণিকভাবে কোনো রাজনৈতিক দলে যোগদানের ঘোষণা দেননি। তবে তারা জানিয়েছেন, পরবর্তীতে সুবিধাজনক সময়ে তাদের সম্মিলিত রাজনৈতিক সিদ্ধান্ত জানানো হবে।
‎
​পদত্যাগের ঘোষণা দেওয়া পদত্যাগকারী ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতারা তাদের দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে হতাশা প্রকাশ করেন। তারা এক বাক্যে বলেন, তারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ‘ভুল রাজনীতির’ সঙ্গে জড়িত ছিলেন। এখন তারা তাদের ভুল বুঝতে পেরেছেন এবং দলটির রাজনীতি থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছেন।
‎
​খুনিয়াগাছ ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাল মিয়া এবং মহেন্দ্রনগর ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মমতাজ আলীসহ অন্যান্য আওয়ামী লীগ সমর্থিত নেতারা একই সুরে বলেন, “আজ থেকে আমরা আর কোনোদিন আওয়ামী লীগের রাজনীতি করব না। তবে ভবিষ্যতে ভালো কোনো রাজনৈতিক দল পেলে সেই দলে যোগ দেব।”​একইভাবে, মহেন্দ্রনগর ইউপি সদস্য ও জেলা জাপার সদস্য সাহাবুল হকসহ জাতীয় পার্টির সমর্থিত ইউপি সদস্যরাও দল থেকে পদত্যাগের একই কারণ ও মনোভাব ব্যক্ত করেন।
‎
​পদত্যাগের ঘোষণা দেওয়া প্রধান বক্তারা হলেন:
‎​লাল মিয়া (খুনিয়াগাছ ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক), ​মমতাজ আলী (মহেন্দ্রনগর ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি), ​সাহাবুল হক (মহেন্দ্রনগর ইউপি সদস্য ও জেলা জাপার সদস্য), ​আজিজুল ইসলাম (হারাটি ইউপি সদস্য ও হারাটি ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক), ​ইব্রাহীম মিয়া (খুনিয়াগাছ ইউপি সদস্য ও খুনিয়াগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি)
‎
​স্থানীয় রাজনীতিতে ৫৬ জন ইউপি সদস্যের এই গণপদত্যাগের ঘটনা নিঃসন্দেহে একটি বিশাল আলোড়ন সৃষ্টি করেছে। পদত্যাগকারী সদস্যরা ভবিষ্যতে কোন রাজনৈতিক দলে যোগদান করেন, তার ওপর সদর উপজেলার রাজনীতি ও আগামী নির্বাচনের সমীকরণ নির্ভর করবে বলে মনে করছেন পর্যবেক্ষক মহল।
‎

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit