শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৩৮ Time View

ডেস্ক নিউজ : সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রায় জালিয়াতি, দুর্নীতি ও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগে মামলা রয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টার কিছু পর রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তারের পর খায়রুল হককে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নাসিরুল ইসলাম ‌জানান, এবিএম খায়রুলের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের একটি হত্যা মামলা আছে। এছাড়াও নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের অভিযোগেও একটি মামলা আছে।

২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন খায়রুল হক। ২০১১ সালে ১৭ মে ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসর গ্রহণ করেন তিনি।

অবসরে যাওয়ার কয়েক দিন আগে দেওয়া এক রায়ে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন, যা দেশের রাজনীতিতে গভীর প্রভাব ফেলে। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি আইন কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের আগস্টে সরকার পরিবর্তনের পর তিনি পদত্যাগ করেন। এরপর থেকেই তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি, দুর্নীতি ও রাজনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে একাধিক মামলা হয়। এসব মামলার মধ্যে রয়েছে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের জালিয়াতি, সরকারি সম্পদ অপব্যবহার এবং রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণের অভিযোগ।

গত বছর আগস্টে ঢাকা ও নারায়ণগঞ্জের আদালতে এসব অভিযোগে তিনটি মামলা দায়ের করা হয়।

এদিকে, সম্প্রতি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এক সংবাদ সম্মেলনে খায়রুল হকের গ্রেপ্তার ও বিচারের দাবি জানায়। সংগঠনটি তাকে ‘বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের অন্যতম কারিগর’ হিসেবে উল্লেখ করে।

প্রধান বিচারপতি থাকাকালে এবং অবসরের পর তার একাধিক রায় ও কর্মকাণ্ড বিচারাঙ্গনে ব্যাপক বিতর্ক সৃষ্টি করে। অভিযোগ রয়েছে, তিনি কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতিকে উপেক্ষা করে পদোন্নতি পান, সরকারের পক্ষপাতমূলক রায় দেন, এবং ট্রাস্টি তহবিলের অর্থ ব্যবহার করে ব্যক্তিগত চিকিৎসা করান।

এছাড়া, স্বাধীনতার ঘোষক হিসেবে শহীদ জিয়াউর রহমানকে অস্বীকার করা রায়, আগাম জামিনের এখতিয়ার হাইকোর্ট থেকে কেড়ে নেওয়া, খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদসহ একাধিক ঘটনায় তার ভূমিকা নিয়ে সমালোচনা রয়েছে।

কিউএনবি/অনিমা/২৪ জুলাই ২০২৫,/সকাল ১০:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit