বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম
পুতিনের তেল নাকি ট্রাম্পের ছাড়—কোন দিকে ঝুঁকবে ভারত? বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ৯ম পে-স্কেল বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়নের দাবীতে শ্রমিক ও কর্মচারীদের বিক্ষোভ॥ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সীমান্তে অভিযান চালিয়ে ০২টি বিদেশী ওয়ান শুটার গান এবং ০৪ রাউন্ড গুলি ও ব্যাপক পরিমাণ মাদক উদ্ধার॥ অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড আগামীর বাংলাদেশ চলবে জনগণের ভোটের রায়ে: তারেক রহমান ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’ হাদি হত্যা মামলা, পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট বিমানের সেই এমডি শফিকুরের নিয়োগ বাতিল মৌলভীবাজারের বড়লেখায় অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

দীর্ঘ বিতর্কের পর পদত্যাগের ঘোষণা দিলেন ইরানের ভাইস প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘদিনের বিতর্ক ও রাজনৈতিক চাপের পর অবশেষে পদত্যাগ করলেন ইরানের ভাইস প্রেসিডেন্ট জাভেদ জারিফ। বিচার বিভাগের প্রধানের ‘উপদেশ’ মেনে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের পদত্যাগপত্র পোস্ট করেন জারিফ।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, গত ৯ মাস ধরে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে নিবেদিতভাবে কাজ করলেও গত ছয় মাস ধরে তাকে ও তার পরিবারকে ‘জঘন্য অপমান, অপবাদ এবং হুমকি’ সহ্য করতে হয়েছে।

সংস্কারপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার সরকারে কৌশলগতবিষয়ক পরামর্শদাতা হিসেবে জারিফকে নিয়োগ দিয়েছিলেন। নির্বাচনের সময় পেজেশকিয়ানের পক্ষে ভোট চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জারিফ।

এর আগে, ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির শাসনামলে আট বছর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন জারিফ। ২০১৫ সালে পশ্চিমা বিশ্বের সঙ্গে করা ইরানের পরমাণু চুক্তিতে তার ভূমিকা ছিল অন্যতম।

নিজের পদত্যাগপত্রে জারিফ গত ছয় মাসকে তার ৪০ বছরের রাজনৈতিক জীবনের ‘সবচেয়ে তিক্ত’ সময় বলে উল্লেখ করেছেন। ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই বিরোধীদের সমালোচনার মুখে পড়েন তিনি। জারিফের বিরোধীরা অভিযোগ তুলেছেন, তাকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার মাধ্যমে সংবিধান লঙ্ঘন করা হয়েছে। কারণ, তার সন্তানরা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন এবং জন্মসূত্রে সে দেশের নাগরিক।

পদত্যাগপত্রে জারিফ লেখেন, ‘জাতীয় স্বার্থ রক্ষায় আমি চার দশক ধরে নানা অপমান ও অভিযোগ সহ্য করেছি। আরোপিত যুদ্ধের অবসান থেকে শুরু করে সফল পরমাণু চুক্তি পর্যন্ত আমার ছোটখাটো অবদান রয়েছে। কিন্তু লাগাতার মিথ্যা প্রচারণা ও বক্তব্য বিকৃতির মুখেও আমি চুপ থেকেছি।’

জারিফ জানান, বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই তাকে পদত্যাগের পরামর্শ দিয়েছেন। দেশের চলমান অস্থিরতা আরও বাড়তে না দেওয়ার জন্য তাকে বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। সাবেক এই শীর্ষ কূটনীতিক আরও লেখেন, ‘আশা করি, আমার পদত্যাগের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা ও সরকারের সফলতার পথে থাকা বাধা দূর হবে।’

সরকারের বিভিন্ন নিয়োগ কমিটিতে থাকা জারিফকে সরাতে দীর্ঘদিন ধরে রক্ষণশীল রাজনীতিবিদেরা চাপ দিয়ে আসছিলেন। সম্প্রতি তাকে সরাতে পার্লামেন্টের প্রতিও আহ্বান জানানো হয়। এর আগেও জারিফের পদত্যাগের গুঞ্জন শোনা গিয়েছিল, তবে তখন তিনি তা উড়িয়ে দিয়েছিলেন।

তার পদত্যাগপত্র প্রেসিডেন্ট গ্রহণ করেছেন কি না, তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারের ওপর চাপ কমাতে পদত্যাগপত্র গ্রহণ করা হতে পারে।

এদিকে, এর এক দিন আগে অনাস্থা ভোটের মাধ্যমে অর্থমন্ত্রী আবদোলনাসের হেম্মতিকে বরখাস্ত করেছে ইরানের পার্লামেন্ট। তার বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ আনা হয়েছিল। তার মেয়াদে ইরানের মুদ্রার রেকর্ড দরপতন হয়।

কিউএনবি/অনিমা/০৪ মার্চ ২০২৫,/সকাল ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit