সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

ঢাবি ছাত্রদলের কমিটিতে বিতর্কিত লোকজন, তদন্ত কমিটি গঠন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ রয়েছে ২৪২ সদস্যের এ কমিটিতে জায়গা পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একাধিক নেতা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে বিদ্রুপের অভিযোগ ওঠা এক নারী শিক্ষার্থী।

গত বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। কমিটি ঘোষণার পরই বিতর্কিত লোকজন পদায়নের অভিযোগ ওঠে কমিটি নিয়ে।

২৪২ জনের এই কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শহীদুল্লাহ হল শাখার কর্মী ও হল ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদের অনুসারী মাহাদী ইসলাম নিয়ন। বিজয় একাত্তর হল ছাত্রলীগের উপমুক্তিযোদ্ধা ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. বজলুর রহমান বিজয় পেয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদকের পদ। সহ-সাংগঠনিক সম্পাদকের পদ পাওয়া কাজী শাকিব মিয়া, সদস্য পদ পাওয়া আব্দুল্লাহ আল মামুন ও রায়হান হোসেনের বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নেওয়ার বিভিন্ন ছবি প্রকাশিত হয়েছে। 

এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রুপ করার অভিযোগ থাকা সৈয়দা সুকাইনা নাফিসা তরঙ্গ পেয়েছেন জেন্ডার ন্যায্যতা ও সমতাবিষয়ক সম্পাদকের পদ।

ছাত্রদলের নেতাকর্মীরা বলছেন, ২৪২ সদস্যের কমিটির অনেকেই অপরিচিত। যাদের কখনই আন্দোলন-সংগ্রামে দেখা যায়নি। ৫ আগস্টের পর তারা দলে যোগ দিয়েছেন। নিজেদের অবস্থান পোক্ত করতেই অচেনা-অজানাদের নিয়ে কমিটি করেছেন কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শীর্ষ নেতারা। ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসন করা হচ্ছে, যা কোনোভাবেই মানা যায় না। যারা বিগত ১৬ বছরে সবচেয়ে নির্যাতিত-নিপীড়িত, তাদের সঠিক মূল্যায়ন করা হয়নি।

এদিকে, কমিটি ঘোষণার পর কিছু নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ পাওয়ায় তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রদল। কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি জহির রায়হান আহমেদ ও এবিএম ইজাজুল কবির রুয়েলের নেতৃত্বে দুই সদস্যের তদন্ত কমিটিকে আগামী দু’দিনের মধ্যে কেন্দ্রীয় সংসদের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘তাদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি আমরা। বিষয়টি আমরা দেখছি। আমরা অবশ্যই ব্যবস্থা নেব। তবে তার আগে আমাদের যাচাই-বাছাই করতে হবে।’

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘এসব অভিযোগ সম্পর্কে আমরা অবগত এবং ইতিমধ্যে ঢাবি ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদককে জানানো হয়েছে। একই সঙ্গে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

কিউএনবি/অনিমা/১৬ নভেম্বর ২০২৪,/দুপুর ২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit