সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

সাদ্দামের মতো নয়, যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করেছেন সিনওয়ার: ইরান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের দক্ষিণ গাজায় গত বুধবার ইসরায়েলি সেনাদের গোলার আঘাতে হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত হন। নিহত এই হামাস নেতাকে নিয়ে ইরানের জাতিসংঘ মিশন একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সিনওয়ার যুদ্ধক্ষেত্রে শহীদ হয়েছেন এবং তিনি ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মতো লুকিয়ে না থেকে সম্মুখ সমরে মৃত্যুবরণ করেছেন। সাদ্দাম হোসেনকে মার্কিন সেনারা গ্রেফতার করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়। 

ইরানের জাতিসংঘ মিশনের বিবৃতিতে বলা হয়, মার্কিন সেনারা যখন সাদ্দাম হোসেনকে মাটির নিচের গর্ত থেকে ময়লা কাপড়ে আচ্ছাদিত অবস্থায় বের করে, তখন তিনি তাদের কাছে প্রাণভিক্ষা করেন, যদিও তার হাতে অস্ত্র ছিল। প্রাণ ভিক্ষা চাওয়ার ঘটনায় সাদ্দামকে যারা প্রতিরোধের প্রতীক হিসেবে দেখত, তাদের প্রতিরোধের শক্তি ভেঙে যায়।

এর বিপরীতে, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুকে ইরান বিপ্লবের শক্তি হিসেবে দেখছে। তারা বলেছে, যখন মুসলিমরা দেখবে যে, সিনওয়ার লুকিয়ে না থেকে খোলা জায়গায় শত্রুদের বিরুদ্ধে অস্ত্রসহ সম্মুখযুদ্ধে নেমে শহীদ হয়েছেন, তখন মুসলিম প্রতিরোধের আকাঙ্ক্ষা আরও দৃঢ় হবে।

বিজ্ঞপ্তিতে সাদ্দাম হোসেনের সঙ্গে সিনওয়ারের এই তুলনা করার কারণ স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়নি।

ইসরায়েলের বিরুদ্ধে গত বছরের ৭ অক্টোবর নজিরবিহীন হামলা চালানোর মূল কারিগর ছিলেন সিনওয়ার বলে মনে করা হয়। ১৯৬২ সালে গাজার খান ইউনিস শহরে জন্মগ্রহণ করেন ইয়াহিয়া সিনওয়ার। তাকে প্রায়ই হামাসের সবচেয়ে অনমনীয় শীর্ষস্থানীয় কর্মকর্তাদের একজন হিসেবে চিহ্নিত করা হতো। ইসরায়েলের দখলদারত্বের বিরুদ্ধে গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে সোচ্চার ভূমিকা রাখায় আশির দশকের শুরুর দিকে ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে বারবার গ্রেফতার হন সিনওয়ার।

বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করার পর ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলতে যোদ্ধাদের একটি নেটওয়ার্ক প্রতিষ্ঠায় সিনওয়ার সহায়তা করেন। পরবর্তী সময়ে এ নেটওয়ার্ক হামাসের সশস্ত্র শাখা ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেড হিসেবে গড়ে ওঠে।

১৯৮৭ সালে শেখ আহমেদ ইয়াসিন হামাস প্রতিষ্ঠা করার পরপরই যারা সংগঠনটির নেতৃত্বে আসেন, ইয়াহিয়া সিনওয়ার তাদের একজন। পরের বছরই ইসরায়েলি বাহিনী তাকে গ্রেফতার করে ও চার দফা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। যার অর্থ, ৪২৬ বছরের সমপরিমাণ কারাদণ্ড দেওয়া হয় তাকে। পরে বন্দী বিনিময়ে তিনি ২০১১ সালে মুক্তি পান।

কারাগার থেকে মুক্তি পাওয়ার পর দ্রুতই সিনওয়ার হামাসের শীর্ষ পদে ফেরত আসেন। ২০১২ সালে সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর সদস্য নির্বাচিত হন তিনি। দায়িত্ব পান সামরিক শাখা কাসাম ব্রিগেডের সঙ্গে রাজনৈতিক শাখার কার্যক্রম সমন্বয়ের।

২০১৪ সালে গাজায় সাত সপ্তাহ ধরে ব্যাপক হামলা ও অভিযান চালায় ইসরায়েল। ওই সময় হামাসের উভয় শাখায় নেতৃস্থানীয় ভূমিকা রাখেন সিনওয়ার। পরের বছর যুক্তরাষ্ট্র তাকে ‘বৈশ্বিক সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করে।

২০১৭ সালে সিনওয়ার হামাসের গাজা শাখার প্রধান হন। স্থলাভিষিক্ত হন ইসমাইল হানিয়ার। হানিয়া তখন সংগঠনটির রাজনৈতিক শাখার প্রধান নির্বাচিত হন।
গাজায় ইসরায়েল যুদ্ধ শুরু করলে হানিয়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সফর করে বক্তব্য দেন। নিহত হওয়ার আগপর্যন্ত দেশে দেশে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন আদায় ও গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নিয়োজিত ছিলেন হানিয়া। তবে ৭ অক্টোবরের পর থেকে একেবারেই কথাবার্তা বলেননি সিনওয়ার।

কিউএনবি/অনিমা/১৮ অক্টোবর ২০২৪,/রাত ১১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit