স্পোর্টস ডেস্ক : এবারের অলিম্পিকে সোনার লক্ষ্য নিয়ে গেছে আর্জেন্টিনা। তবে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর সে আশাটা বড় এক ধাক্কা খায়। দ্বিতীয় ম্যাচেই অবশ্য তা সামলে নিয়েছে কোচ হাভিয়ের মাসচেরানোর দল। তুলে নিয়েছে ৩-১ গোলের জয়। এই জয়ের পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আলবিসেলেস্তে কোচ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাসচেরানো বলেন, ‘ম্যাচটা কঠিন ছিল। বিশেষ করে ইরাক শারীরিকভাবে বেশ শক্তিশালী এক দল। এই মুহূর্তে জয় ছাড়া কোনো উপায় নেই আমাদের। সেটা তুলে নিতে পেরেছি, বিষয়টা স্বস্তির।’
প্রথমার্ধে এগিয়ে গেলেও সে লিডটা ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। একেবারে শেষ মুহূর্তে গোল হজম করে বসেছিল, যার ফলে ১-১ সমতায় থেকে বিরতিতে যেতে হয় তাদের। মাসচেরানো বলেন, ‘প্রথমার্ধে আমরা ভুগেছি বেশ। বেশ শুকনো একটা মাঠ ছিল, আর গরমও ছিল অনেক, যা আমাদের কাজ কঠিন করে তুলছিল। তবে দ্বিতীয়ার্ধে আমরা আমাদের ছন্দ খুঁজে পেয়েছি। মাঝমাঠের দখল নিতে পেরেছিলাম। আক্রমণেও ভালোভাবে ফিনিশ করতে পেরেছি।’
কোচ মাসচেরানো চোখ রাখছেন তাতেই। বললেন, ‘আমাদের স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ মোটেও নেই। আমাদের এখন পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে। সে ম্যাচটা জিততে হবে আমাদের, যা আমাদের পরের রাউন্ডের টিকিট পাইয়ে দেবে।’
কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৪,/রাত ৮:১২