আন্তর্জাতিক ডেস্ক : ইলিশের বাণিজ্যে এবার দেখা মিলেছে এক ভিন্ন চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি হয়ে এলেও চলতি বছর উলটো ভারত থেকেই বাংলাদেশে ইলিশের চালান এসেছে।
ভারতের ব্যবসায়ীরা জানিয়েছেন, বাংলাদেশে পাঠানো ইলিশের বেশিরভাগই গুজরাট থেকে সংগ্রহ করা হয়েছে। পরে ভারুচ বন্দর ব্যবহার করে এসব মাছ বাংলাদেশে পাঠানো হয়। এ ছাড়া পশ্চিমবঙ্গের হাওড়ার পাইকারি মাছের বাজারের মাধ্যমেও কিছু ইলিশ বাংলাদেশে সরবরাহ করা হয়েছে।
হাওড়া পাইকারি মাছ আমদানিকারক সমিতির সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, ভারত থেকে বাংলাদেশে সাধারণত বোয়াল, রুই, পারশে ও ট্যাংরাসহ বিভিন্ন মাছ যায়। তবে এ বছর ইলিশ রপ্তানির ঘটনা তাদের জন্য ব্যতিক্রম।
গুজরাটের ইলিশে তুলনামূলকভাবে ডিম বেশি থাকে এবং স্বাদ কিছুটা নোনতা। এ কারণে ভারতের স্থানীয় বাজারে এ মাছের চাহিদা খুব বেশি নয়। অন্যদিকে বাংলাদেশের কিছু এলাকায় ডিমওয়ালা ইলিশের চাহিদা থাকায় গুজরাটের ইলিশের জন্য এখানে নতুন বাজার তৈরি হয়েছে।
প্রতি বছর দুর্গাপূজা ও শারদীয় উৎসবের আগে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি করা হয়। তবে চলতি বছর বাংলাদেশ থেকে ভারতে ইলিশ পাঠানো হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। গত বছর উৎসবের আগে ভারতকে ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাংলাদেশ সরকার।
কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:১২