আন্তর্জাতিক ডেস্ক : ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে নতুন করে একটি প্রস্তাব দিয়েছে ফ্রান্স সরকার। আগের উদ্যোগ দেশটির সাংবিধানিক পরিষদ বাতিল করার পর নতুন খসড়া নিয়ে এগোচ্ছে সরকার।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জানান, নতুন প্রস্তাবটি ইউরোপীয় কমিশনকে অবহিত করা হয়েছে। এর মাধ্যমে প্রস্তাবিত আইনটি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিদ্যমান আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা যাচাই করা হবে।
এর আগে গত আগস্টের মাঝামাঝি ফ্রান্সের সাংবিধানিক পরিষদ ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের আগের আইনটি বাতিল করে। পরিষদের মতে, ওই আইনের একটি অংশ সংশ্লিষ্ট ব্যক্তিদের মতপ্রকাশের স্বাধীনতায় অপ্রয়োজনীয় হস্তক্ষেপ করেছিল।
মাখোঁ বলেন, দীর্ঘ ও কৌশলগত কাজের পর সরকার নতুন খসড়াটি ইউরোপীয় কমিশনের কাছে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। শিশু ও কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত করা তার সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার।
নিজের মেয়াদ শেষ হওয়ার আগেই এ নিষেধাজ্ঞা কার্যকর দেখতে চান ফরাসি প্রেসিডেন্ট। একই সঙ্গে পুরো ইউরোপীয় ইউনিয়নে একই ধরনের বিধিনিষেধ চালুর আহ্বান জানিয়েছেন তিনি।
ইইউর প্রধান উরসুলা ফন ডার লিয়েনও শিশুদের জন্য পুরো ইউরোপীয় ইউনিয়নজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার সম্ভাবনা নিয়ে চলতি সপ্তাহে ব্রাসেলসে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
শিশু ও কিশোর-কিশোরীদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের সম্ভাব্য ক্ষতিকর প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যে বিশ্বের বিভিন্ন দেশও তাদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বয়সভিত্তিক সীমাবদ্ধতা আরোপের উদ্যোগ নিচ্ছে।
কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:২১