স্পোর্টস ডেস্ক : এদিন জিম্বাবুয়ের দুই ওপেনার প্রিন্স মাসভাউরে (৭৪) ও জয়লর্ড গাম্বি (৪৯) এবং শন উইলিয়ামস (৩৫) ছাড়া কেউই নামের প্রতি সুবিচার করতে পারেননি। উদ্বোধনী জুটিতে ৯৭ রানের পর বলার মতো আর কোনো জুটিই গড়তে পারেনি তারা। ম্যাচের এক সময় জিম্বাবুয়ের স্কোর ছিল ৩ উইকেটে ১৪৩ রান। সেখান থেকে মাত্র ৬৭ রান তুলতেই শেষ ৭ উইকেট হারায় টেস্ট র্যাংকিংয়ে দশ নম্বরে থাকা দলটি।
জিম্বাবুয়ের ব্যাটিংয়ে মূলত ধস নামান পেসার ব্যারি ম্যাকার্থি ও অফ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন। তারা দুজনে মিলে নেন ৬ উইকেট। দুটি উইকেট নেন মার্ক অ্যাডায়ার। সফরকারীদের শেষ নয় ব্যাটারের মধ্যে দুই অঙ্কের দেখা পেয়েছেন মাত্র দুজন। বৃহস্পতিবার সিভিল সার্ভিস ক্রিকেট গ্রাউন্ডে জিম্বাবুয়ে ৭১.৩ ওভারে অলআউট হলে বৃষ্টিতে পন্ড হয় দিনের বাকি অংশের খেলা। যার সুবাদে ছয় বছর পর দেশের মাটিতে টেস্ট খেলতে নেমে ভালোই সূচনা করে অ্যান্ডি বালবার্নির দল।
দিনের অন্যতম সফল বোলার ম্যাকার্থি খেলা শেষে বলেন, ‘জিম্বাবুয়ের ওপেনাররা খুবই ভালো করেছে। তবে ভালো বাউন্সও পাচ্ছিলাম, একজন বোলার হিসেবে সেটি আপনি চাইবেন। তবে আমরা জানতাম যে, দু-একটি উইকেট নিতে পারলে বাকিগুলোও পারব।’এদিকে দেশের হয়ে ৩ বছর পর টেস্ট খেলতে নামা ৩৫ বছর বয়সী ব্যাটার মাসভাউরে জানান এমন কন্ডিশনে প্রথম ইনিংসে করা ২১০ রানকে কম মনে করছে না তার দল।
তিনি বলেন, ‘এতদিন পর দলে ফিরে ভালো পারফরম্যান্স করতে পেরে খুশি। ভালো লাগত যদি শতক করতে পারতাম। গাম্বি খুবই পজিটিভ এবং দারুণ ছিল। আমাদের যেমন শুরু করার দরকার ছিল আমরা সেটি করতে পেরেছি। এই স্কোরকে আমরা খারাপ বলব না।’
এদিন মাত্র ১ রানের জন্য অর্ধশতক থেকে বঞ্চিত হয়েছেন জিম্বাবুয়ের ওপেনার জয়লর্ড গাম্বি। সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৭১.৩ ওভারে ২১০ (গাম্বি ৪৯, মাসভাউরে ৭৪, মায়ার্স ১০, আরভাইন ৫, উইলিয়ামস ৩৫, বেনেট ৮, মাদান্ডি ০, মুজারাবানি ৪, এনগারাভা ৫, চিভাঙ্গা ৭*, চাটারা ০; অ্যাডায়ার ১৮-১-৪৯-২, ম্যাককার্থি ১৫.৩-৫-৪২-৩, ইয়াং ১৪-১-৪০-১, ক্যাম্ফার ১১-২-৩৩-১, ম্যাকব্রাইন ১৩-২-৩৭-৩)
কিউএনবি/অনিমা/২৬ জুলাই ২০২৪,/দুপুর ১:০০