বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার প্রধান সড়কে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তাকজিল খলিফা কাজলের নির্মাণাধীন বাড়ির পাথর রাখা হয়েছে। এতে করে ওই সড়ক দিয়ে বড় কোন যানবাহন চলাচল করতে পারছে না। আর ছোট ছোট যানগুলো ঝুঁকি নিয়ে কোনো রকমে পার হচ্ছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, রাধানগর চৌরাস্তা হয়ে লাল বাজারের সড়ক হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঐতিহ্যবাহী বড় বাজারে যেতে হয়। এছাড়া পৌর এলাকা ও জেলা সদরের কয়েকটি গ্রামে যেতেও এ সড়ক ব্যবহার করতে হয়। সড়কের রাধানগর এলাকার প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌর মেয়রের নতুন বাড়ির জন্য পাথর ফেলে রাখা হয়েছে। যে কারণে সোমবার ভোর থেকে সড়ক দিয়ে বড় ধরণের যান চলাচল বন্ধ হয়ে যায়। ছোট যানগুলো ঝুঁকি নিয়ে ওই অংশ পার হচ্ছে। এতে সড়কের পাশে থাকা ড্রেনও ক্ষতিগ্রস্থ হচ্ছে।
নাম প্রকাশ অনিচ্ছুক নয়াদিল এলাকার এক প্রবীণ বলেন, ‘ক্ষমতা থাকলে এর অপব্যবহার কিভাবে করা হয় এর উদাহরণ হলো এটা। হাসপাতাল যাওয়ার মতো গুরুত্বপূর্ণ সড়কে পাথর রেখে মেয়র দায়িত্বহীনতা ও কাণ্ডজ্ঞানহীনতার পরিচয় দিলেন।’ তিনি দ্রুত এটি সরানোর অনুরোধ জানান। লাল বাজারের একাধিক ব্যবসায়ি বলেন, ‘এ সড়ক দিয়ে প্রতিদিন পণ্যবাহী ১৫-২০টি বড় ট্রাক যায়। এখন এ নিয়ে আমরা কথা বললে বিএনপি কিংবা অন্য কারো লোক বানিয়ে মিথ্যা রটনা করা হবে। হয়রানিও করা হবে। আমরা বলবো মেয়র যেন নিজ দায়িত্বেই এটা সরিয়ে নেন।’
কিউএনবি/আয়শা/২৮ মে ২০২৪,/রাত ৮:৫০