ডেস্ক নিউজ : ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে ঢাকায় বসে ২-৩ মাস আগে হত্যার পরিকল্পনা করা হয়। ঢাকায় না পেরে কৌশলে নেওয়া হয় কলকাতায়। সেখানে তাকে হত্যার পর শরীর টুকরো টুকরো করে হাড্ডি ও মাংস আলাদা করা হয়।
এরপর হলুদ মিশিয়ে ব্যাগে ভরে ওই বাসা থেকে বের করা হয়েছে। তবে কোথায় মরদেহের খণ্ডিত অংশ ফেলা হয়েছে তা এখনো স্পষ্ট নয়।
বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি জানান, হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীন ৩০ এপ্রিল কলকাতার ওই ফ্ল্যাটে গার্লফ্রেন্ডকে নিয়ে যান। সেখানে কয়েক দিন থাকার পর বাংলাদেশে চলে আসেন। পরে কৌশলে এমপি আজিমকে কলকাতায় নেয় শাহীন।
ডিবিপ্রধান বলেন, তাদের পরিকল্পনা ছিল ঢাকায় হত্যা করবে; কিন্তু বাংলাদেশ পুলিশের নজরদারি ও ঢাকায় হত্যাকাণ্ডের পরে সব হত্যার ক্লু পুলিশ বের করে নেবে বলেই হত্যাকারীরা কলকাতায় এ ঘটনা ঘটিয়েছে।
হারুন অর রশীদ বলেন, অপরাধীরা বিদেশের মাটিতে অপরাধ করলে বাংলাদেশ পুলিশের নজরে আসবে না বলেই কলকাতা বেছে নেয়। বাংলাদেশের মাটিতে অপরাধ করার সাহস পায়নি। তবে তারা এ হত্যাকাণ্ডের পর পালিয়ে থাকতে পারেনি। আমরা তিনজনকে গ্রেফতার করেছি। আরও কয়েকজনকে নজরাদিতে রাখা হয়েছে।
কিউএনবি/অনিমা/২৩ মে ২০২৪,/বিকাল ৫:২৫