বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে নারীর অপরিমীয় শক্তির বিকাশ মাত্র আরম্ভ হয়েছে।’ নারীর ক্ষমতায়নে শেখ হাসিনা নানামুখী উদ্যোগ গ্রহন করার ফলে দেশে নারীশক্তি ক্রমান্বয়ে বিকশিত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ ছাড়া ডানপন্থী কোনো রাজনৈতিক দল নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে না। শেখ হাসিনা উদ্যোগ নেওয়ার পর সেনাবাহিনীর পদাতিক ডিভিশন, বিমানবাহিনী, পুলিশের উর্ধ্বতন পদ এমনকি বিচারপতি হিসেবেও নারীদের নিয়োগ ও পদায়ন করেছেন।’
শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে আইসিটি ডিভিশন বাস্তবায়নাধীন ‘হার পাওয়ার’ প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়া সদর ও নবীনগর উপজেলার ১৮০ জন নারী উদ্যোক্তার মাঝে ল্যাপটন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম শান্তনু চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম শেখ। অনুষ্ঠান শেষে মন্ত্রী সদর উপজেলার আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা ও মাসিক সমন্বয় সভায় অংশগ্রহন করেন।
ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে তিনি আরো বলেন, ‘সনাতন ধর্মীয় মতে নারী হচ্ছে আদ্যশক্তি। ইসলাম ধর্মীয় মতেও সমাজে নারীর গুরুত্ব পুরুষের চেয়ে কম নয়। যে কোন জাতির উন্নয়ন ও অগ্রগতির জন্য নারী পুরুষ উভয়ের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু বিভিন্ন কারণে এদেশে নারীর ক্ষমতায়ন এবং নারীশক্তির পূর্ণবিকাশ ও উন্মোচন এখনো হয়নি। জননেত্রী শেখ হাসিনার হাত ধরে নারীর অপরিমীয় শক্তির বিকাশ হতে আরম্ভ করেছে মাত্র। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতিতে তাদের ভূমিকা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।’
মন্ত্রী সার্কিট হাউজে ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির পক্ষ থেকে জেলার নয়টি উপজেলার অসহায়, দুস্থ ও দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের উদ্দেশ্যে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের নিকট নয় লক্ষ টাকার চেক হস্তান্তর করেন। বিকেলে তিনি আট কোটি ৫০ লক্ষ ৪২ হাজার টাকা ব্যয়ে নির্মিতব্য ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের ছয় তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। মন্ত্রী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকনের পক্ষে জেলার বঙ্গবন্ধু স্কয়ারে ৫০০ অসহায়, দুস্থ ও দরিদ্রের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেন।
কিউএনবি/আয়শা/৩০ মার্চ ২০২৪,/রাত ৮:৪৯