নরসিংদী প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারুণ্যের নেতৃত্বের ওপরই আস্থা রাখতে চান নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নবাসী। নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে উঠান বৈঠক, মতবিনিময় ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়িয়ে নিজেদের অবস্থান তুলে ধরছেন তারা।
তবে নির্বাচনী প্রচারণায় ইউনিয়নজুড়ে ব্যাপক সাড়া ফেলেছেন আমদিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী ইএম মেহেদী হাসান। উঠান বৈঠক ও গণসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন তিনি।
নির্বাচনী প্রচারণায় নিজের রাজনৈতিক জীবনের নানা প্রতিকূলতার কথাও তুলে ধরছেন ইএম মেহেদী হাসান। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হামলা-মামলা ও ফেরারি জীবন কাটাতে হয়েছে তাঁকে। নানা প্রতিকূলতার মধ্যেও মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, “কোনো কুচক্রী মহলের ষড়যন্ত্রে নির্বাচিত হতে না পারলেও আমদিয়া ইউনিয়ন ও ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করে যাব।
”তরুণ নেতৃত্বের প্রতি আগ্রহ এবং নির্বাচনী মাঠে প্রার্থীদের সক্রিয় প্রচারণায় আমদিয়া ইউনিয়নে ধীরে ধীরে জমে উঠছে নির্বাচনী আমেজ। শেষ পর্যন্ত ভোটাররা মেহেদী হাসানকেই তাদের প্রতিনিধি হিসেবে বেছে নিবেন বলে আশাবাদী তিনি।
কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:৩৩