ডেস্ক নিউজ : দাখিল পরীক্ষায় জিপিএ-৪ পাওয়ার পর মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন, পরবর্তী পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করতেই হবে। সেই জেদ শক্তিতে পরিণত করে শারীরিক প্রতিবন্ধকতা ও অসুস্থতার সঙ্গে লড়াই করে আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন সাকিরুল ইসলাম (১৮)। তার এ সাফল্যে আনন্দিত পরিবার, শিক্ষক ও এলাকাবাসী।
সাকিরুল পটুয়াখালীর বাউফল উপজেলার ঐতিহ্যবাহী ছালেহিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী। শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই তিনি এবারের আলিম পরীক্ষায় অংশ নেন। তবে পরীক্ষার দিনগুলো তার জন্য মোটেও সহজ ছিল না। পরীক্ষা চলাকালে একাধিকবার অসুস্থ হয়ে পড়েন তিনি। শারীরিক অসুস্থতা উপেক্ষা করেই সাহস ও মনোবল নিয়ে সব পরীক্ষা শেষ করেন।
পরীক্ষা শেষ হওয়ার পর শুরু হয় ফলাফলের অপেক্ষা। সেই অপেক্ষার দিনগুলোতেও দুশ্চিন্তা পিছু ছাড়েনি। কাঙ্ক্ষিত ফলাফল হবে কিনা, তা নিয়ে অতিরিক্ত চিন্তায় অসুস্থ হয়ে পড়েন সাকিরুল। অবশেষে ফল প্রকাশের পর জিপিএ-৫ অর্জনের খবর তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে। সাকিরুলের বাড়ি বাউফল সদর ইউনিয়নের হোসনাবাদ এলাকায়। তার বাবা মাওলানা মো. মোশাররফ হোসাইন স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। মা মোসা. সাকিরা বেগম গৃহিণী। দুই ছেলের মধ্যে সাকিরুল বড়। ছোট ভাই আব্দুল্লাহ আল মাশরাফি (১১) একই মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
ইউএনও সালেহ আহমেদ বলেন, সাকিরুলকে অভিনন্দন জানাই। আমি আশা করি, ভবিষ্যতে সে আরও ভালো জায়গায় পৌঁছবে। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে তাকে জীবনে ভালো কিছু করতে হবে। মনোবল শক্ত রাখতে হবে। সাকিরুল ইসলাম বলেন, ইউএনও স্যার আমাকে ফুল দিয়ে সংবর্ধনা জানিয়েছেন এবং ১০ হাজার টাকা পুরস্কার দিয়েছেন। এ জন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:২০