আন্তর্জাতিক ডেস্ক : পদত্যাগ করেছেন হাইতির অনির্বাচিত প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি। গায়ানার প্রেসিডেন্ট এবং ক্যারিবিয়ান কমিউনিটির (কেরিকম) বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ইরফান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
হাইতিতে রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করার জন্য সোমবার জ্যামাইকায় আঞ্চলিক নেতারা মিলিত হন। কেরিকমের জরুরি শীর্ষ সম্মেলন চলার সময় এরিয়েল হেনরির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন ইরফান আলী। খবর আলজাজিরার।
ইরফান আলী বলেন, আমরা তার (এরিয়েল হেনরি) পদত্যাগের বিষয়টি জানতে পেরেছি। এসময় একটি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট কাউন্সিল প্রতিষ্ঠা এবং অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর নামকরণের বিষয়ে আলোচনার কথাও জানান তিনি।
প্রেসিডেন্ট মইসি হত্যার পর থেকেই ক্ষমতায় ছিলেন প্রধানমন্ত্রী হেনরি। ২০১৬ সাল থেকে হাইতিতে কোনও নির্বাচন হয়নি।
চলতি মাসের শুরুর দিকে হাইতিতে যৌথ বাহিনী মোতায়েনের চুক্তিতে স্বাক্ষর করতে কেনিয়া সফরে ছিলেন হেনরি। সে সময় দেশটির রাজধানীর দুটি কারাগারে হামলা চালিয়ে সরকার বিরোধী গ্যাংরা বেশ কিছু অপরাধিকে মুক্ত করে নিয়ে যায়।
হেনরিকে দেশে ফিরতে না দেওয়ার লক্ষ্যে দেশটির বিমানবন্দরেও হামলা চালায় সরকার বিরোধীরা। দেশে ফিরতে ব্যর্থ হওয়ার পর বর্তমানে তিনি পুয়ের্তো রিকোতে অবস্থান করছেন।
কিউএনবি/আয়শা/১২ মার্চ ২০২৪,/বিকাল ৪:৪৯