স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে নিউজিল্যান্ড। সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত বোলিং করেছেন জেমিসন। দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৬ উইকেট। তবে এই ম্যাচের পরই পিঠে ব্যথা অনুভব করেন তিনি। দ্বিতীয় টেস্টের আগে স্ক্যান করে জানা যায়, মেরুদণ্ডে চোট পেয়েছেন তিনি। মেরুদণ্ডে চোট পেয়ে গত বছর অস্ত্রোপচার করিয়েছিলেন জেমিসন। এবারের চোটও একই জায়গায়, তবে ব্যথাটা নতুন। প্রাথমিকভাবে অস্ত্রোপচার না করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।
এক বিবৃতি দিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) জানিয়েছে, মৌসুমের বাকি সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে ২৯ বছর বয়সী জেমিসনকে। তারা আরও জানিয়েছে, চোট থেকে সেরে উঠতে তাকে বিশ্রাম এবং পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, চোট থেকে ফিরতে সর্বোচ্চ এক বছর সময় লাগতে পারে জেমিসনের।
চোট থেকে ফিরে আবারও লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়ায় হতাশ জেমিসন। তবে আপাতত চোট থেকে সরে ওঠার কথাই ভাবছেন তিনি, ‘কীভাবে সেরে উঠব, সেটার একটি পরিকল্পনা করেছি। এটা জানি এমন কিছু ধাপ আমাকে পারি দিতে হবে, যেগুলো মানসিকভাবে চ্যালেঞ্জিং। শারীরিক অংশটি এ ক্ষেত্রে সামলানো সহজ। মেরুদণ্ডকে পুনরায় ঠিক করতে বিশ্রাম নিতে হবে। অনেকটাই অটো পাইলট যেভাবে চলে সেভাবে।’
মানসিক চ্যালেঞ্জের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ‘মানসিক চ্যালেঞ্জই বেশি। সেরে উঠতে বেশ কয়েক মাস লাগবে…এটা কঠিন, কারণ এমন কিছু পুনরায় হোক, সেটা কেউ চাইবে না। প্রতিবারই মনে হয়, এটাই যেন শেষবার হয়। কিন্তু আমার উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি এবং জোরে বল করার চেষ্টা করি। তাই এটাও জানি যে এই চোট আমার ক্যারিয়ারেরই অংশ।’
কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ১২:১২