বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের মৃত্যুর এক ঘন্টা পর মা মারা যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উচ্চ রক্তচাপজনিত কারণে ছেলে মারা যাওয়ার খবরে হৃদরোগে আক্রান্ত হয়ে মা মারা যান। মারা যাওয়া দুজন হলেন, জেলার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিণ জগৎসার উত্তর পাড়া (পাবলা সার) গ্রামের ইদ্রিস মিয়ার স্ত্রী মোর্শেদা বেগম (৬৫) ও তার ছেলে সাগর মিয়া (৩৮)। একই সঙ্গে মায়ের মা, ছেলের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সাগরের চাচাত ভাই মনির হোসেন জানান, সাগর মিয়া আগে থেকেই হার্টের সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে সাগর মিয়া উচ্চ রক্তচাপজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে করলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত নয়টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মৃত্যুর সংবাদ শোনে মা মোর্শেদা বেগম হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে রাত ১০ টার দিকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাছিহাতা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন পাভেল জানান, সাগর মিয়া পেশায় অটোরিকশা চালক। সাগরের মৃত্যুর সংবাদ শুনে সাগরের মাও মারা যায়। ঘটনাটি খুবই হৃদয়বিদায়ক।
কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:২৫