বিনোদন ডেস্ক : শুটিংয়ে ফিরলেন চিত্রনায়িকা পরীমণি। মা হওয়ার কারণে প্রায় দুই বছর সিনেমা করা থেকে বিরত ছিলেন তিনি। ছুটি কাটিয়ে ‘ডোডোর গল্প’ নামে সিনেমার মাধ্যমে কাজে ফিরেছেন। একটানা সিনেমাটির শুটিং শেষ করার কথা থাকলেও চারদিনের মাথায় হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এই তারকা। জানা গেছে, আজ শনিবার (২১ অক্টোবর) সকাল থেকে ফের ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন পরীমণি।
পরী বলেন, হঠাৎ করে অসুস্থ হয়ে বেশ কয়েক দিন হাসপাতালে থাকতে হয়েছে। প্রথমে ভর্তি হলাম জ্বর নিয়ে। তার দুদিন পর নানা ভাই অসুস্থ হন। আমি সুস্থ হয়ে নানার যত্ন নিচ্ছি। হাসপাতাল টু বাসা এভাবেই যাচ্ছে দিন-রাত। এর মধ্যে আজ থেকে আবার ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছি। আশা করছি, এবার কাজটি শেষ করতে পারব।
দীর্ঘদিন পর এ সিনেমার মাধ্যমে চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বাঁধলেন পরী। ‘ডোডোর গল্প’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক। সিনেমাটিতে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমণি আর ফটোগ্রাফার রায়হান চরিত্রে সাইমন সাদিক। সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।
কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৫৪