বিনোদন ডেস্ক : ভারতের এক হাজারেরও বেশি হলে মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের ‘লিও’ সিনেমা। মুক্তির প্রথমদিনেই বিভিন্ন রেকর্ড ভেঙে বক্স অফিসে গর্জন তুলেছে সিনেমাটি। এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রিতে শাহরুখ খানের ‘জওয়ান’কে পেছনে ফেলে দিয়েছে ‘লিও’।
বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের বরাতে জানা যায়, ‘লিও’ ইতোমধ্যে ১৬ লাখ টিকিট বিক্রি করেছে। এর মাধ্যমে বিজয়ের ‘লিও’ টপকে গেছে শাহরুখ খানের ‘জওয়ান’কে। অগ্রিম বুকিংয়ে সিনেমাটির টিকিট বিক্রি হয়েছিল ১৫.৭৫ লাখ। অগ্রিম টিকিটের পর ইউএসএ প্রিমিয়ারের ক্ষেত্রেও দাপট দেখিয়েছে ‘লিও’। সেখানে সিনেমাটির বক্স অফিস আয় ১০ লাখ ছাড়িয়ে গেছে। চলতি বছরের ব্লকবাস্টার জেলার, জওয়ান, পাঠান ও আরআরআরকেও টপকে গেছে এই সিনেমাটি।
মুক্তির পর সোশ্যালে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে ‘লিও’। কেউ কেউ ছবিটিকে রজনীকান্তের ‘জেলার’-এর সাথে তুলনা করেছেন। আবার কেউ বলছেন ছবির চিত্রনাট্য ‘দুর্বল’। একজন লেখেন, ‘প্রথম অংশে রিয়্যালিস্টিক সহিংসতা দেখানো হয়েছে। পরের অংশ পুরাই জমজমাট বাণিজ্যিক সিনেমার মতো চমকে ভরপুর। বড় হিট হবে।’ একজন লিখেছেন, ‘বিজয় পুরো বিশ্বের হিরো। ছবিটি পাঁচে পাঁচ পাওয়ার মতো।’
ফিল্ম ট্রেড অ্যানালিস্ট মনোবালা বিজয়াবালান লিখেছেন, “সিংহ হতে চাইলেও শেষ হলো বিড়ালের মতো। শুরুতে সম্ভাবনা থাকলেও ছবির শেষটা হতাশাজনক। হাইপ অনুযায়ী প্রত্যাশা পূরণ করতে পারেনি লিও। ছবিতে এনগেজমেন্ট নেই, কয়েক স্থানে একঘেয়ে। কিছু জায়গায় ‘বিক্রম’ এবং ‘কাইথি’র মতো। এটি লোকেশের ক্যারিয়ারের সবচেয়ে দুর্বল ছবি”। আরেকজন ফিল্ম ট্রেড ইনসাইডার লিখেছেন, ‘‘লিও’ ছবিটি ‘বিস্ট’-এর থেকেও চারগুণ খারাপ।’ তরণ আদর্শ অবশ্য ছবিটি পছন্দ করেছেন। লিখেছেন, ‘ব্লকবাস্টার’ ও ‘মাস্টারপিস।’
পরিচালক লোকেশ কঙ্গরাজের ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’-এর তৃতীয় কিস্তি ‘লিও’। সিনেমাটি টু ডি এবং আইম্যাক্সে হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান, সঞ্জয় দত্ত, অর্জুন, প্রিয়া আনন্দ, গৌতম বাসুদেব মেনন, মনসুর আলী খান, স্যান্ডি ও মাইস্কিন।
কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৪০