আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসনের পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার কোনও ইচ্ছে নেই। সম্প্রতি উত্তর আমেরিকায় অ্যাসোসিয়েশন অব পাকিস্তানি ফিজিশিয়ানসের একটি অনুষ্ঠানে মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন এ মন্তব্য করেন।
জিও নিউজ জানিয়েছে, ওই অনুষ্ঠানে পাকিস্তানের সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন সিনেটর ক্রিস।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাইডেন প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তিনি। ফলে আত্মবিশ্বাসের সঙ্গেই তার দাবি, পাকিস্তানের রাজনীতিতে হস্তক্ষেপ করার চেষ্টা করেনি যুক্তরাষ্ট্র।
ক্রিস ভ্যান হোলেন জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে যুক্তরাষ্ট্র, অন্যান্য গণতান্ত্রিক দেশ এবং পাকিস্তানের জনগণের আগ্রহ রয়েছে। তবে পাকিস্তানের জনগণই তাদের নেতাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে। তিনি এ সময় পাকিস্তানের সঙ্গে একটি শক্তিশালী অংশীদারত্বের জন্য বাইডেন প্রশাসনের আকাঙ্ক্ষার কথা পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান গত বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে অভিযোগ করেছিলেন।
কিউএনবি/অনিমা/১০ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:৪০