বিনোদন ডেস্ক : ডালাসের টয়োটা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সোমবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টায়। প্রথমবারের মতো অ্যাওয়ে ম্যাচে জ্বলে ওঠার চ্যালেঞ্জ লিওনেল মেসির। মেজর লিগ সকারে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছেন আর্জেন্টাইন তারকা। যার সবগুলোই হোম গ্রাউন্ডে। এবার প্রতিপক্ষের মাঠে মেসি ঝলকের অপেক্ষায় সমর্থকরা।
এমএলএসে প্রতিদ্বন্দ্বিতার মান নিয়ে সমালোচনা বিস্তর। বিশেষ করে মেসি যোগ দেবার পর তা আরও বেড়েছে বহুগুণে। তবে সমালোচকদের মুখে তালা দিয়ে নিজের কাজ ঠিকই করে চলেছেন মেসি। যে দলটা জয় পেতে ভুলে গিয়েছিল তাদের ট্র্যাকে ফিরিয়ে তিনি প্রমাণ করেছেন কেন তিনি বিশ্বসেরা!
লিগস কাপে রোববার শেষ ষোলোর ম্যাচে এফসি ডালাসের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। যাদের বিপক্ষে পরিসংখ্যান ভালো না মেসিদের। শেষ তিন ম্যাচের একটিও জিততে পারেনি মায়ামি। তবে এবার ভিন্ন কিছু হতে যাচ্ছে সেটা আঁচ করা যায় অনায়াসেই।
এতদিন মেসি ম্যানিয়া দেখেছে ফ্লোরিডা। এবার সে উন্মাদনা ছড়িয়ে পড়েছে টেক্সাসে। রাউন্ড অব সিক্সটিনের এই ম্যাচের জন্য হুমড়ি খেয়ে পড়ছেন সমর্থকরা। টিকিট ছাড়ার ১০ মিনিটের মধ্যে সব বিক্রি হয়ে গেছে। তবে কালোবাজারে মিলছে বেশ উচ্চমূল্যে। অবশ্য এফসি ডালাস আর ইন্টার মায়ামির ম্যাচ দেখতে পারবেন খুব স্বল্প সংখ্যক দর্শক। ডালাসের টয়োটা স্টেডিয়ামের ধারণ ক্ষমতা মাত্র ২০ হাজার। আর তাই চাপ সামাল দিতে বেশ বেগ পেতে হচ্ছে ম্যানেজমেন্টকে।
ইন্টার মায়ামির হয়ে এখন পর্যন্ত ৩ ম্যাচে ৫ গোল করে লিগস কাপের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরারের তালিকায় দুই নম্বরে উঠে এসেছেন মেসি। ক্রুজ আজুলের বিপক্ষে প্রথম ম্যাচে এক্সট্রা টাইম পাঞ্চের পর টানা দুই ম্যাচে জোড়া গোল করেছেন এ বিশ্বসেরা তারকা।
কিউএনবি/আয়শা/৬ অগাস্ট ২০২৩,/রাত ১০:১২