আন্তর্জাতিক ডেস্ক : চীনের হাইনান এয়ারলাইন্স সম্প্রতি তার নারী বিমানকর্মীদের একাংশকে ওজন কমাতে বলেছে। সংস্থাটির বক্তব্য, চাকরি বাঁচাতে চাইলে নারী বিমানকর্মীদের ওজন কমাতে হবে।
হাইনান এয়ারলাইন্স জানিয়েছে, যে সব নারী কর্মী বিমানে পরিষেবা দেওয়ার কাজ করবেন, তাদের নির্দিষ্ট ওজনসীমা পেরোলে চলবে না। কর্মীর ওজন নির্ধারিত ওজনের থেকে ১০ শতাংশ বাড়লেই চাকরি থেকে ছাঁটাই করা হবে তাকে।
বিমান সংস্থার এই নতুন নীতি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠেছে, কোনও সংস্থা তার কর্মীদের আইনত কি এই নির্দেশ দিতে পারে?
হাইনান এয়ারলাইন্সের ভাষ্য, পরিষেবা এবং ভাবমূর্তি যথাযথ রাখতে ওজন নিয়ন্ত্রণ নীতি জরুরি। সেই নীতি অনুযায়ী বিমান কর্মীর উচ্চতা (সেন্টিমিটারে) থেকে ১১০ বাদ দিলে যে সংখ্যা পাওয়া যাবে, তত কেজি ওজন হতে হবে তাদের।
মূলত বিমানের ভিতরে পরিষেবা দেওয়া নারী কর্মীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। এই ওজন বাড়লে তাদের বিমানের ভেতরের পরিষেবা থেকে সরিয়ে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। খবর আনন্দবাজারের।
তবে নতুন নীতি নিয়ে যে বিতর্ক, তাতে বলা হয়েছে যে সব নারী বিমানকর্মীর ওজন নির্ধারিত ওজনের থেকে ৫ শতাংশ বেশি হবে, তাদের কর্তৃপক্ষের রিভিউ কমিটির মুখোমুখি হতে হবে। তার যোগ্যতার বিশ্লেষণ করা হবে, কর্মক্ষেত্রে নিয়মিত ওজন পরীক্ষা করা হবে তার। কিন্তু ওজন ১০ শতাংশ বেড়ে গেলে অবিলম্বে চাকরি থেকে ছাঁটাই করা হবে কর্মীকে।
হাইনানের এই নতুন নীতি নিয়ে প্রতিবাদ শুরু হয়েছে বিভিন্ন মহলে। অনেকেই জানিয়েছেন, কর্মীদের উপর এ ধরনের নীতি চাপিয়ে দিয়ে আদতে তাদের মর্যাদাহানি করছে সংস্থাটি। নান্দনিকতাকে গুরুত্ব দিতে গিয়ে মানবিকতার অসম্মান করছে তারা।
কিউএনবি/অনিমা/১৭ জুন ২০২৩,/সকাল ১১:৪৯